হায় প্রতিবেশী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের এমন এক এলাকায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, যেখানে শৈশবে ‘সাম্প্রদায়িকতা’ শব্দটির সঙ্গে পরিচিত হওয়ার দুর্ভাগ্য হয়নি। আমাদের শৈশব-কৈশোর ছিল আনন্দময়। আমাদের বন্ধুভাগ্য ছিল ঈর্ষণীয়। ঈদের দিনে পাড়ার বন্ধুদের সঙ্গে দল বেঁধে বাড়ি বাড়ি মুরব্বিদের সালাম করতে গেছি। ‘ঈদি’ দেওয়ার সময় অন্য শিশুদের চেয়ে আমাকে কখনো আলাদা করেননি মুরব্বিরা। আবার দুর্গাপূজার সময় সম্প্রদায়-নির্বিশেষে উৎ সব-আনন্দে মেতে উঠেছে সবাই। এমনকি পূজা কমিটির বিভিন্ন পদে মুসলমান যুবকদের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠতে দেখিনি কখনো। এ প্রসঙ্গে পরে আসছি।

১৯৯০ সালে ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদে আক্রমণ করেছিল উগ্রবাদী হিন্দুরা। সেই আগুনের আঁচ এসে লেগেছিল এ দেশে। এখানকার প্রত্যন্ত গ্রামের যে হিন্দুরা কোনো দিন উত্তর প্রদেশ বা অযোধ্যার নামই শোনেনি কোনো দিন, তাদের ওপর আক্রমণ হলো। নিজেদের অপরাধ কী, তা বোঝার আগেই পুড়ে গিয়েছিল তাদের ঘরবাড়ি, উপাসনালয়।

এ ঘটনা কি স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল? মনে হয় না। ভারতে যেমন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাবরি মসজিদে হামলার ক্ষেত্র প্রস্তুত করেছিল, বাংলাদেশেও তেমনি এর সহিংস প্রতিক্রিয়ার জন্য রাজনৈতিক ইন্ধন জুগিয়েছিল তৎ কালীন ক্ষমতাসীন দল জাতীয় পার্টি। বিরোধী দলের আন্দোলনে টালমাটাল জাতীয় পার্টির সরকার তখন দেশের পরিস্থিতিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা থেকেই সাম্প্রদায়িকতার উসকানি দিয়েছিল। ভয়েস অব আমেরিকায় প্রচারিত গিয়াস কামাল চৌধুরীর প্রতিবেদন, দৈনিক ইনকিলাব-এর উসকানিমূলক সংবাদ সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল। চট্টগ্রামে সাম্প্রদায়িকতাবিরোধী মিছিলে সেদিন সোচ্চার হয়েছিলেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা। মনে পড়ে, মিছিল শেষে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় এক সমাবেশে বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান বলেছিলেন, ‘পাঠানটুলীর কোন বাড়িতে বসে কার নির্দেশে সংখ্যালঘুদের বাড়িঘরে, মন্দিরে হামলা হয়েছে আমরা জানি। সাবধান হয়ে যান, এসব অপকর্ম করে সরকারবিরোধী আন্দোলন থামানো যাবে না...’ ইত্যাদি। নাম উল্লেখ না করে তিনি সেদিন তৎ কালীন জাতীয় পার্টির নেতা দস্তগীর চৌধুরীর (প্রয়াত) প্রতিই ইঙ্গিত করেছিলেন। অথচ জাতীয় পার্টি সরকারের পতনের বেশ কিছুদিন পর দস্তগীর চৌধুরী বিএনপিতে যোগ দিলে আবদুল্লাহ আল নোমানের রাজনীতি করতে হয়েছে তাঁর সঙ্গেই। রাজনীতি এমনই এক অদ্ভুত সমীকরণের নাম!

১৯৯২ সালে বাবরি মসজিদে পুনরায় হামলা চালিয়েছিল উগ্রবাদী হিন্দুরা। এবার মসজিদটিকে ভেঙে-গুঁড়িয়ে দেয় ধর্মান্ধ-সাম্প্রদায়িক গোষ্ঠী। বাবরি মসজিদের ধ্বংসস্তূপের সামনে গায়ে ছাই মেখে উল্লাস নৃত্য করেছিল যে নাগা সন্ন্যাসীরা, তাদের সঙ্গে দূরতম সম্পর্ক না থাকলেও সেদিন যথারীতি হামলার শিকার হয়েছিল এ দেশের নিরীহ হিন্দুরা।

২০০১ সালে সাধারণ নির্বাচনের পর যেমন সহিংসতার শিকার হয়েছে, তেমনি সদ্যসমাপ্ত নির্বাচনের পরও একই ধরনের হামলা-নির্যাতনের শিকার হলো এই সম্প্রদায়টি। কোনো সময় ভোট না দেওয়ার কারণে, কখনো বা ভোট দিতে যাওয়ার কারণে আক্রান্ত হতে হয়েছে তাদের। বারবার তারা আক্রমণের শিকার হয়, কারণ হামলাকারীদের কাছে এর চেয়ে সহজ ও অবাধ লক্ষ্য আর নেই।

সাধারণভাবে ধারণা করা হয়ে থাকে, সংখ্যালঘুরা আওয়ামী লীগের ভোটার। কিন্তু এই ধারণা কি সব সময় অভ্রান্ত? বরং যখন যে নেতা বা দলের কাছে তারা সামান্যতম সহানুভূতি পেয়েছে, তাঁকে বা সেই দলকেই যে তারা সমর্থন দিয়েছে, তার নজিরও তো কম নয়। চট্টগ্রামের সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম। সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় তিনি আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে বেশি ভোট পাননি? ২০০১ সালের সংসদ নির্বাচনে কোতোয়ালির সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় জয়লাভ করেননি বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান? এমনকি সদ্য সম্পন্ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের বিরুদ্ধে ঊষাতন তালুকদারকে নির্বাচিত করেননি আদিবাসী ভোটাররা? শুনেছি, পুরান ঢাকার সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাঁকে ভোট দিতে কখনো কার্পণ্য করেনি সংখ্যালঘুরা।

কথা হচ্ছে, মূল ধারার দল হয়েও বিএনপি কেন সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে পারল না, তার কারণ খুঁজে বের করতে হবে এ দলেরই নেতা-কর্মীদের। কারণ, স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হলে দলে দলে হিন্দু-বৌদ্ধ তরুণেরা এই দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। ন্যাপ, কমিউনিস্ট পার্টির মতো দলগুলোকেও নিঃসংকোচে সমর্থন করেছেন সংখ্যালঘু গোষ্ঠীর বহু মানুষ। এখনো ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কমিউনিস্ট পার্টির অনেক অফিস রয়েছে হিন্দু সম্প্রদায়ের ত্যাগী ব্যক্তির দান করা জায়গার ওপর। তাহলে বিএনপি নয় কেন? আজ দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর হামলা-সহিংসতার ঘটনার সঙ্গে জামায়াত-বিএনপির সমর্থকেরা যেমন জড়িত, তেমনি আওয়ামী লীগের স্থানীয় কর্মীরাও যে জড়িত নেই এমন কথা হলফ করে বলা যায় না। কিন্তু এটা অস্বীকার করা যাবে না, কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের গৃহীত নীতি-আদর্শ ও অবস্থান তুলনামূলকভাবে গ্রহণযোগ্য সংখ্যালঘুদের কাছে, এটাই এখনো আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থনের প্রধান কারণ।

শুরুতে আমার এলাকার সম্প্রীতির কথা বলেছিলাম। এখানে অপ্রাসঙ্গিক নয় বলে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আরও একটু বলতে চাই। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিক্রিয়ায় শহরজুড়ে যখন গোলযোগ চলছিল, আক্রমণ হচ্ছিল হিন্দু মন্দিরগুলোতে, সেই রাতে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছিলেন আমাদের পাড়ারই (আলকরণ) এক বড় ভাই আবদুর রহমান। তিনি বলেছিলেন, ‘সদরঘাট কালীবাড়ির দিকে গন্ডগোল হচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে, এই সুযোগে কেউ যেন আমাদের পাড়ায়ও কিছু একটা করে ফেলতে না পারে।’ রহমান ভাই এলাকায় প্রভাবশালী ব্যক্তি, তাঁর সঙ্গে রাস্তায় বেরিয়েছিলাম। চারদিকে খোঁজখবর নিচ্ছিলাম। পরে আমাদের আরও কয়েকজন বন্ধু এসে জুটেছিল। ওসমান, সেলিম, মিজান, বাবুল—আমরা সবাই মিলে শহরের নিউমার্কেট এলাকার দিকে রওনা হয়েছিলাম। সিটি কলেজের সামনে এসে দেখেছি কলেজের ছেলেরা তাড়া করেছে একদল দুর্বৃত্তকে, যারা মন্দির ভাঙতে এসেছিল। পথে হাঁটার সময় পরিচিত একজন আমাকে দেখে ফিসফিস করে বলেছিলেন, ‘আপনার বোধ হয় এখানে থাকা ঠিক হবে না, হঠাৎ করে হিন্দু বলে যদি কেউ আপনাকে আক্রমণ করে বসে?’ আমার কোনো উত্তর দিতে হয়নি। আমার বন্ধু ওসমান বুক চিতিয়ে বলেছিল, ‘ওকে মারতে হলে তো ট্যাংক নিয়ে আসতে হবে, আগে আমাদের সবাইকে পিষে মেরে, তারপর ওর গায়ে হাত দিতে পারবে ওরা।’ সেদিন তাঁর সেই দৃঢ়কণ্ঠ আমাকে অভয় জুগিয়েছিল। কারণ, আমি জানতাম, এ শুধু কথার কথা নয়, এটা বন্ধুত্বের প্রতি তার প্রকৃত অঙ্গীকার। এভাবে যারা বন্ধুর পাশে দাঁড়াতে পারে, তারা তো শুধু পাশের বাড়ির মানুষ নয়, হূদয়ের প্রতিবেশী।

ভাবছি, আজ যারা গাইবান্ধা, সাতক্ষীরা, জয়পুরহাট, সাতকানিয়া, বাঁশখালীতে পাশের বাড়ি বা গ্রামে হামলা চালাচ্ছে, তারা কেমন প্রতিবেশী? যুগের পর যুগ, বছরের পর বছর পাশাপাশি বাস করেও কী করে এমন নির্মম আচরণ করতে পারে প্রতিবেশীদের ওপর? এসব এলাকায় সংখ্যাগুরু সম্প্রদায়ের শুভবোধসম্পন্ন মানুষেরা কোথায়? তাঁরা কেন এগিয়ে আসেন না প্রতিবেশীর নিরাপত্তায়?

এ দেশের বেশির ভাগ মানুষ সাম্প্রদায়িক—এ কথা বিশ্বাস করি না। কিছু মানুষ চিরকাল স্বার্থান্ধ ও সুযোগসন্ধানী। তারা প্রকৃতির প্রতিবেশী হয়েও চুনতি অভয়ারণ্যের দেড় শ বছরের পুরোনো মা গর্জনগাছটি উপড়ে ফেলতে যেমন দ্বিধা করে না, তেমনি অভয়নগরের নিরীহ দরিদ্র প্রতিবেশীর ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে তার সহায়-সম্পদ লুটে নিতেও কুণ্ঠাবোধ করে না। এই পশুদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার সচেতন মানুষের, প্রকৃত প্রতিবেশীর। সেই প্রতিবেশীরা কোথায়?
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]