হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ
হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ

বাংলাদেশে পুলিশের হাতে মার খাননি সাবেক এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এমন সৌভাগ্যবান ব্যক্তির সংখ্যা খুবই কম। কিন্তু তার পরও পুলিশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীর কোনো সমালোচনা সহ্য করতে পারেন না। খালেদা জিয়ার একসময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আবদুল মতিন চৌধুরী, গত আমলের আলতাফ হোসেন চৌধুরী, শেখ হাসিনার আগের মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম—এঁদের প্রত্যেকেরই পুলিশের লাঠিপেটার ছবি পুরোনো দিনের কাগজ খুঁজলেই পাওয়া যাবে। বর্তমান সরকারের আমলে যে দুজন এই দায়িত্বটি পেয়েছেন, তাঁরা অবশ্য মন্ত্রিত্ব লাভের আগেই পুলিশের দাপট সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা লাভ করেছেন। তার পরও পুলিশমন্ত্রীরা  আত্মপক্ষ সমর্থনে যতটা না সোচ্চার হতে পারেন, তার চেয়েও বেশি সরব হন পুলিশের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে। স্বরাষ্ট্রমন্ত্রীদের এই আচরণের রহস্য তাই অনুদ্ঘাটিতই থেকে গেছে। একইভাবে তাদের বেতন-ভাতা, পদ-পদবি এবং মর্যাদা ও ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা হলেও জবাবদিহি প্রতিষ্ঠার সংস্কার প্রস্তাব পাঁচ বছর ধরেই আটকে আছে। এ রকম একটি পটভূমিতে নবম জাতীয় সংসদের অন্তিমকালে ক্ষমতাসীন দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী রীতিমতো ইতিহাস গড়েছেন। শেষ পর্যন্ত তিনি তাঁর ২০০৯ সালে পেশ করা বেসরকারি বিলটি সংসদের অধিবেশনে উত্থাপন করে তার ওপর ভোট আদায় করে নিয়েছেন। গত বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, সংসদ আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) বিল ২০১৩ পাস করেছে।

সরকারের মন্ত্রীদের বাইরে কোনো সাংসদের ব্যক্তিগতভাবে উত্থাপিত এ ধরনের বিল পাসের ঘটনা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল। সাংসদেরা জনস্বার্থে এ ধরনের গুরুত্বপূর্ণ বিল আনলে সাধারণত দেখা গেছে যে সরকারের পক্ষ থেকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে তা প্রত্যাহার করানো হয়। এমনকি মন্ত্রীরা উত্থাপিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ প্রক্রিয়ায় উপযুক্ত বিল আনার প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি বিল প্রত্যাহার করিয়ে নেওয়ার চলটিই এত দিন চালু ছিল। কিন্তু সেই ধারাটি ভেঙে দিতে সক্ষম হয়েছেন সাবের হোসেন চৌধুরী। এর আগে অষ্টম সংসদে বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান সংবিধানের ৭০ ধারা বিলোপের একটি বেসরকারি বিল পেশ করে প্রায় পাঁচ বছর চেষ্টা করেও তার কোনো গতি করতে পারেননি। সাবের হোসেন চৌধুরীর এ রকম আরেকটি জনগুরুত্বপূর্ণ বিল—সংসদ সদস্যদের আচরণবিধিও একই ধরনের অনিশ্চয়তার মুখে রয়েছে। তাই বাংলাদেশের সংসদীয় ইতিহাস এবং বাস্তবতার নিরিখে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) বিল ২০১৩ পাস একটি যুগান্তকারী ঘটনা হিসেবেই বিবেচনার দাবি রাখে।

অবশ্য, সংসদের অন্তিমকালে আইনটি পাস হওয়ায় অনেকেই বিষয়টিকে কিছুটা সন্দেহের চোখে দেখছেন। সম্ভবত সে কারণেই প্রথম আলোর পাঠকদের কয়েকজনের মন্তব্যে এর উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। একজন লিখেছেন, ‘গত পাঁচ বছরে যে অসংখ্য লোককে রিমান্ডে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তার কী হবে? অন্য কেউ ক্ষমতায় এলে হয়তো আওয়ামী লীগের ওপরও একই পরিস্থিতি নেমে আসতে পারে, তাই ক্ষমতা থেকে যাওয়ার আগে নিজেদের রক্ষার জন্য এই আইন করা হয়েছে।’ তবে এ ধরনের সন্দেহ প্রকাশ সত্ত্বেও কাজটি যে ভালো হয়েছে, সে কথার স্বীকৃতি পাঠকদের মন্তব্যে প্রতিফলিত হয়েছে।

এই আইনে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে কারও মৃত্যু হলে দোষী ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনটিতে এর চেয়েও গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অভিযুক্ত ব্যক্তির ওপর তার নির্দোষিতা প্রমাণের দায়ভার দেওয়া। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্যাতনের পথ অনুসরণ থেকে নিবৃত্ত করায় কাজে লাগতে পারে। নির্যাতনে প্ররোচনা এবং সহায়তা করাকেও শাস্তিযোগ্য করা এবং আদালতে কেউ হেফাজতে নির্যাতনের অভিযোগ করলে, তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করার বিধান সুফল দিতে পারে। গ্রেপ্তারের সময় মৃত্যু এবং জিজ্ঞাসাবাদের সময় মৃত্যুকেও হেফাজতে মৃত্যুর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার কারণে এই আইন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটা এখন নিশ্চয়ই আশা করা যায়।

পুলিশ এবং পুলিশের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীগুলোতে রাজনীতির অনুপ্রবেশ, দলীয়করণ, ক্ষমতাসীনদের তোষণের নীতি এসব প্রতিষ্ঠানে যেভাবে দূষায়ণ ঘটাচ্ছে, তাতে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা এবং সদস্য ক্রমেই জবাবদিহির ঊর্ধ্বে উঠে যেতে শুরু করেছেন। আইন প্রয়োগে পক্ষপাতিত্ব যেখানে স্বাভাবিক নিয়মে রূপ নিয়েছে, সেখানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সুবাদে এসব বাহিনীতেও  দুর্নীতিবাজেরা ক্ষমতার অপব্যবহারে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন। লিমনের পা হারানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাত খোয়ানোর দৃষ্টান্তগুলো সংবাদপত্রের শিরোনাম হলেও তাতে পরিস্থিতির প্রকৃত অবনতির চিত্র যথাযথভাবে প্রতিফলিত হয় না। জাতিসংঘ মানবাধিকার কমিশনে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১২—এই তিন বছরে সরকার শুধু র‌্যাবেই এক হাজার ৬০০ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীর কোনো সংখ্যা না দেওয়া হলেও তা র‌্যাবের চেয়ে কম হওয়ার কারণ নেই। এই বিপুলসংখ্যক সদস্যের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট বাহিনীর নিজস্ব ব্যবস্থা। এগুলো আদালতে গেলে তাদের অপরাধের প্রকৃত চিত্র হয়তো কিছুটা বোঝা যেত।

ক্ষমতার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে তার অপব্যবহারের ঝুঁকি। আর এটা যে শুধু বাংলাদেশের সমস্যা, তা নয়। বিশ্বজুড়েই ক্ষমতার অপব্যবহারের বিপদ একটা বড় সমস্যা। বিশ্বে সবচেয়ে জনবান্ধব পুলিশ হিসেবে খ্যাতি রয়েছে ব্রিটিশ পুলিশের। ব্রিটেনের পুলিশ সাধারণত অস্ত্র বহন করে না এবং গ্রেপ্তার বা কোনো অভিযান পরিচালনার সময়ও  শক্তি প্রয়োগের ক্ষেত্রে তাদের সতর্কতার নীতি বিশ্বব্যাপী দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত। কিন্তু সেই ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে এখন ক্ষমতার অপব্যবহারের এমন গুরুতর অভিযোগ উঠেছে যে প্রস্তাব এসেছে তাদের পোশাকে ভিডিও ক্যামেরা বসিয়ে দেওয়ার, যাতে তাদের সব কার্যক্রমের রেকর্ড থাকে। ক্ষমতাসীন টোরি পার্টির একজন প্রভাবশালী নেতা ডেভিড ডেভিস গত সোমবার দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় একটি নিবন্ধ লিখে এই প্রস্তাব দিয়েছেন।

এই প্রস্তাবের পটভূমিও বেশ বিস্ময়কর। ঘটনাস্থল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের চৌহদ্দির মূল ফটক। ঘটনার কেন্দ্রীয় চরিত্র মন্ত্রিসভার সাবেক সদস্য চিফ হুইপ, এন্ড্রু মিচেল। ২০১২ সালের কোনো এক রাতে মি. মিচেল প্রধানমন্ত্রীর বাসায় বৈঠক করে বেরিয়ে আসছিলেন। তিনি তাঁর সাইকেলে চড়ে বেরোনোর জন্য ফটকের কাছে পৌঁছালে প্রহরী পুলিশ তাঁকে সাইকেল থেকে নেমে হেঁটে বেরোতে বলেন। পুলিশের এই নির্দেশে ক্ষুব্ধ হয়ে এন্ড্রু মিচেল বিভিন্ন কটুকথা বলেন। এরপর পুলিশের সঙ্গে তাঁর বাক্যবিনিময় সংবাদপত্রের পাতায় শিরোনাম হয়। খবরে বলা হয় যে মি. মিচেল পুলিশকে ‘ছোটলোক’ বলে গালি দিয়েছেন। মি. মিচেল ‘ছোটলোক’ গালি ব্যবহারের কথা অস্বীকার করেন। সে সময় পুলিশ ফেডারেশনের তিনজন প্রতিনিধির সঙ্গে তাঁর একটি বৈঠক হয়, যে বৈঠকের কথোপকথন তিনি গোপনে রেকর্ড করে রেখেছিলেন। ওই বৈঠকের পর পুলিশ ফেডারেশনের কর্মকর্তারা সাংবাদিকদের কাছে তাঁদের আলোচনার বিষয়ে সঠিক তথ্য না দিয়ে মি. মিচেলের পদত্যাগ দাবি করেন। ব্যাপক রাজনৈতিক বিতর্কের জেরে মি. মিচেল শেষ পর্যন্ত পদত্যাগ করেন। কিন্তু পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ নিষ্পত্তি করে যে সংস্থা, সেই স্বাধীন আইপিসিসির তদন্তে পুলিশের প্রকৃত সত্য গোপন করার তথ্য বেরিয়ে আসে। অভিযোগ ওঠে যে পুলিশের বাজেট কমানোর কারণে সরকারের প্রতি ক্ষুব্ধ পুলিশ ফেডারেশনের কর্মকর্তারা যোগসাজশে ষড়যন্ত্র করে একজন মন্ত্রীর পতন ঘটিয়েছেন।

টোরি এমপি ডেভিড ডেভিস পুলিশের পোশাকে ভিডিও ক্যামেরা বসিয়ে তাদের সব কার্যক্রম রেকর্ড করার যে প্রস্তাব দিয়েছেন, সেটি অবশ্য একেবারে নতুন নয়। এ ধরনের কৌশল কতটা বাস্তবসম্মত এবং তাতে কাজ হবে কি না, তার পরীক্ষা-নিরীক্ষা কিন্তু ব্রিটেনে আগেই শুরু হয়েছে। পুলিশের নৈতিকতার বিষয়টি দেখভাল করে যে প্রতিষ্ঠান, সেই কলেজ অব পুলিশিং প্রস্তাবটি সমর্থন করেছে। ব্রিটেনে পুলিশের প্রতি মানুষের আস্থায় চিড় ধরার কথা মেনে নিয়ে কলেজ অব পুলিশিং এটি সমর্থন করেছে।  ইংল্যান্ডের আইল অব ওয়াইটের সাড়ে ৪০০ পুলিশ সদস্যের জ্যাকেটে ইতিমধ্যেই এই ক্যামেরা বসানো হয়েছে। এ ধরনের ক্যামেরা ব্যবহূত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিয়ালটোতেও। সেখানকার অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে গত মাসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কমেছে ৮৮ শতাংশ এবং পুলিশের শক্তি প্রয়োগের ঘটনাও কমেছে ৬০ শতাংশ।

এ ধরনের ব্যয়বহুল ব্যবস্থা বাংলাদেশে হয়তো অদূর ভবিষ্যতে সম্ভব হবে না। কিন্তু নিরাপত্তার জন্য অনেক থানায়ই সিসি টিভির ব্যবস্থা যখন সম্ভব হয়েছে, তখন হেফাজতে জিজ্ঞাসাবাদ বা রিমান্ডের পর্বগুলো রেকর্ড করা মোটেও অসম্ভব নয়। হেফাজতে নির্যাতন বন্ধের নতুন আইনটির মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়টিও আমাদের জনপ্রতিনিধিরা ভেবে দেখতে পারেন।

কামাল আহমেদ: প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, লন্ডন।