৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ৩৩তম বিসিএস পরীক্ষায় বিজ্ঞপ্তি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মকমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশ করা হয়। প্রার্থী বাছাইয়ের বিভিন্ন ধাপ সমাপনান্তে শেষ মুহূর্তে পদের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করত শেষ পর্যন্ত আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য পিএসসি কর্তৃক সুপারিশ করা হয়েছে মর্মে খবরে প্রকাশ।
একই তারিখে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত (২২-১১-১৩) সচিত্র সংবাদে জানা গেল প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন সরকারদলীয় ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ৩৩তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ না হওয়ায় তাঁরা এ বিক্ষোভ করেন মর্মে খবরে প্রকাশ। তাঁদের দাবি, ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কমিটিতে অনেক পদ ফাঁকা হয়ে যাবে। এ কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের উত্তীর্ণ করা হয়নি। অভিযোগ যেমনই হোক না কেন, তা হালকাভাবে দেখার অবকাশ নেই।
পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকৃত যোগ্য ও মেধাবী প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাইপূর্বক বিধি মোতাবেক সরকারি বিভিন্ন শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য সুপারিশ করা প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে, বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োগ প্রাপ্তগণ চাকরিজীবনের শুরুতেই সরকারি প্রশাসনযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হন।
এদের অনেকেই পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত হন এবং সে সুবাদে সরকারি নীতিনির্ধারণী কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ ঘটে। তাই বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব অবাঞ্ছিত হস্তক্ষেপ বা প্রার্থীর বিশেষ কোনো পরিচয়ের কারণে অপেক্ষাকৃত কম মেধাবী ও যোগ্যকে সুপারিশ প্রদান অথবা অধিকতর যোগ্যকে বাদ দেওয়ার মাধ্যমে বিতর্ক সৃষ্টির সুযোগ তৈরি কোনোভাবেই কাম্য হতে পারে না।
অথচ খবরে বর্ণিত সরকারদলীয় ছাত্রসংগঠনটির দাবি অনুযায়ী উক্ত নিয়োগে বিতর্ক সৃষ্টির এমনকি সাংবিধানিক উক্ত প্রতিষ্ঠানটিকে চরম বিতর্কিত করার অবকাশ রয়েছে। অথচ দেশ ও জাতির স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে সর্বদা যেকোনো ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখা সবার কর্তব্য।
শাহীদুল আযম
উত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।