সরকারি চাকরিতে মেধাবীরা আসছেন না বা তাঁদের আগ্রহ কমে যাচ্ছে—এ ধরনের খবর আমরা নিয়মিতই শুনে আসছি। প্রথম শ্রেণীর সরকারি চাকরির জন্য আবেদন করে যদি অনিশ্চয়তা নিয়ে বছর খানেক পার করতে হয়, তবে মেধাবীরা এই চাকরির জন্য অপেক্ষা করবেন কোন দুঃখে!
৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। প্রাথমিক পরীক্ষা হয় মে মাসে। অগ্রগতি ওটুকই। এরপর মাস সাতেক পেরিয়ে গেলেও লিখিত পরীক্ষাই হয়নি। এখনো সরকারি কর্মকমিশন (পিএসসি) জানে না যে কবে তারা এই পরীক্ষা নিতে পারবে। কোটা নিয়ে জটিলতার প্রথম পর্ব পার করার পর প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৬ হাজার ২৫০ জন। উচ্চ আদালত গত মঙ্গলবার আদিবাসী কোটায় আরও ২৮০ জনকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। নানা জটিলতায় ৩৪তম বিসিএসের পরীক্ষা ও নিয়োগ-প্রক্রিয়া থেমে থাকায় প্রাথমিকভাবে নির্বাচিত ৪৬ হাজারেরও বেশি চাকরিপ্রত্যাশী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
এর দায় প্রথম পিএসসিকে এবং চূড়ান্ত বিচারে সরকারকে নিতে হবে। কোটা-পদ্ধতি নিয়ে যে জটিলতা রয়েছে, তা দূর করা বা প্রয়োজনে সমন্বয় সাধনের দায়িত্ব পিএসসি ও সরকারের। ৩৪তম বিসিএস বর্তমানে যে দীর্ঘসূত্রতার কবলে পড়েছে, এর মূলে রয়েছে কোটা নিয়ে জটিলতা। উচ্চ আদালত নতুন করে ২৮০ জন আদিবাসী প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য হিসেবে ঘোষণা করার পর নম্বরের বিবেচনায় লিখিত পরীক্ষায় অংশ নিতে যোগ্য প্রার্থীর সংখ্যা প্রায় ৮০ হাজার ছাড়িয়ে যাবে। এর আগে যেখানে গড়ে ১১ হাজার প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হতো, সেখানে এখন যদি এর আট গুণ বেশি প্রার্থীর পরীক্ষা নিতে হয়, তাহলে পিএসসিকে বেকায়দায় পড়তে হবে, সন্দেহ নেই।
আমরা মনে করি, এই আইনি বিষয়টির দ্রুত নিষ্পত্তি করে পিএসসিকে জরুরি ভিত্তিতে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করে প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে হবে। আগের উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে শুধু ২৮০ জনকে অন্তর্ভুক্ত করে পরীক্ষা নেওয়া যায় কি না, সেটা আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে। পিএসসি যতই বলুক ৩৪তম বিসিএসের প্রক্রিয়া আটকে থাকার সঙ্গে পরবর্তী বিসিএসের সম্পর্ক নেই কিন্তু বাস্তবতা হচ্ছে, বছরের শুরুতে ৩৫তম বিসিএসের প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও পুরো বিষয়টি অনিশ্চিত অবস্থার মধ্যেই রয়েছে। ৩৪তম বিসিএসের অচলাবস্থার ধারাবাহিক প্রতিক্রিয়া যে নতুন চাকরিপ্রত্যাশীদের ওপরও পড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা করে না।
জরুরি বিষয় হচ্ছে, ৩৪তম বিসিএস নিয়ে এবার যে অভিজ্ঞতা হলো, তাতে কোটা-পদ্ধতির ত্রুটি-বিচ্যুতির বিষয়টি স্পষ্ট হয়েছে। ফলে পিএসসি ও সরকারকে এসব ত্রুটি-বিচ্যুতি দূর ও সমন্বয়সাধনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় সামনের পরীক্ষাগুলো নিয়েও একই জটিলতা সৃষ্টি হবে। প্রতিক্রিয়ায় সরকারি চাকরির ব্যাপারে মেধাবীদের আগ্রহ আরও কমবে, বাড়বে বেকারত্ব।