৫ জানুয়ারি নির্বাচন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সা ক্ষা ৎ কা রের বাকি অংশ—-

এরশাদ: এই ক্রয়ের আদৌ দরকার ছিল না। যেসব অস্ত্র কেনা হয়েছে, তা আমাদের সশস্ত্র বাহিনীতে ব্যবহূত হয় না।

প্রথম আলো: তারা এর আগের সরকারে কোটি কোটি টাকা খরচ করে মিগ-২৯ কিনল। কী কাজে লাগল?

এরশাদ: সেটা একটা খারাপ ক্রয় ছিল। মিগের রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। তা ছাড়া আমাদের এয়ারপোর্ট চীনা এয়ারক্রাফটের উপযোগী। দামও অনেক কম। অনেক অগ্রসর ওই রুশ যুদ্ধবিমান আমাদের দরকার ছিল না। আমরা তো কোনো দেশকে আক্রমণ করতে যাচ্ছি না। শুধু নিজেদের রক্ষা করা গুরুত্বপূর্ণ।

প্রথম আলো: আপনি কি কখনো এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।

এরশাদ: সেই সাহস কি আমার আছে?

প্রথম আলো: একটা নৈতিক সাহস মানুষের থাকে, নাকি আপনি শৃঙ্খলিত বলেই?

এরশাদ: না, তা নয়। একটা ক্রয় সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর আমি কী করে বলি এটা ঠিক হয়নি।

প্রথম আলো: ভারতের পত্রিকায় খবর বেরিয়েছে, ভারতীয় পররাষ্ট্রসচিব জঙ্গিবাদ উত্থানের বিষয়ে আপনাকে ঠিক ওভাবে কথাটা বলেননি।

এরশাদ: তিনি বলেছেন, এখানে জঙ্গিবাদের উত্থান হবে। সেটা ভারতের নিরাপত্তার সংকট বাড়াবে।

প্রথম আলো: আপনি স্বীকার করবেন যে ভারতের সেই উদ্বেগ সংগত?

এরশাদ: জঙ্গিবাদের উত্থান তো হচ্ছে। সেটা আমরা দেখছি। জামায়াতের উত্থান ঘটেছে।

প্রথম আলো: ভারতের চারটি রাজ্যের নির্বাচনের পর ইঙ্গিত মিলছে, বিজেপি ক্ষমতায় আসতে পারে। তাহলে দুই দেশ একই সমস্যার মুখোমুখি হচ্ছে?

এরশাদ: হ্যাঁ, আমরা যে কারণে বিজেপি সম্পর্কে বলতে পারি না, একইভাবে তারাও পারে না।

প্রথম আলো: যুক্তরাষ্ট্র, ইইউ ও জাতিসংঘ বিএনপিকে নিয়ে এবং ভারত বিএনপিকে বাইরে রেখেও নির্বাচন চাইছে। এই ধারণা ঠিক কি না।

এরশাদ: ঠিক। তবে বিদেশিদের কেউ বাংলাদেশে স্থিতিশীলতা দিতে পারবে না। এটা দেবে জনগণ। বাইরের কোনো শক্তি এটা পারবে না। অস্থিতিশীলতা ইতিমধ্যে এসে গেছে। এখন এ থেকে মুক্তির একটাই উপায়। আওয়ামী লীগ ও বিএনপির উভয়ের নির্বাচনে অংশগ্রহণ করা।

প্রথম আলো: সেনানিবাসে জন্মসহ অনেক কিছুতেই বিএনপি ও জাপা একই ধারার দল। অথচ আপনি আওয়ামী লীগের মিত্র হন, বিএনপি শত্রুই থেকে যায়। মূল কারণ কি আদর্শগত?

এরশাদ: না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। এটা সম্পূর্ণ রাজনৈতিক। আদর্শিক কিছু নেই। আমাদের সমাজ কখনো সংঘাত ও হানাহানিপূর্ণ ছিল না। এখনো নেই।

প্রথম আলো: কিন্তু জামায়াতি সন্ত্রাসে বহু লোক প্রাণ হারিয়েছে। এটা কি বিচ্ছিন্ন নাকি সমাজ সহিংস হয়ে ওঠার লক্ষণ?

এরশাদ: বিচ্ছিন্ন ঘটনা। এর কোনো দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া হবে না। জামায়াত কিন্তু সন্ত্রাসী কার্যক্রমে ছিল না। তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তাই তারা বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এসব না করলে সম্ভবত তারা নাশকতা করত না।

প্রথম আলো: ১৯৯০-এর পরে বিএনপি জাপার ওপর জুলুম করে আপনাকে স্তব্ধ করতে পারেনি। একই নীতি নিয়ে আওয়ামী লীগও বিএনপিকেও স্তব্ধ করতে পারবে না।

এরশাদ: আপনার সঙ্গে এক শ ভাগ একমত। এটা সম্ভব নয়। বিএনপির অফিসে হামলা চালানো হচ্ছে। এটা কোন গণতন্ত্র?

প্রথম আলো: সাম্প্রতিক নাশকতার জন্য কারা দায়ী? উভয় দলই জড়িত থাকতে পারে?

এরশাদ: বিএনপি বলছে, এটা সরকার করছে। সরকার বলছে, বিএনপি-জামায়াত করছে। আমার প্রশ্ন হলো এই অবস্থার সৃষ্টি হলো কেন। অবশ্যই উভয় দলই নাশকতা করছে। বাইরের লোকেরা করছে না। মূল কথা হলো নির্বাচন। নির্বাচন সুষ্ঠু হলে এটা হবে না। সবাই তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আপনি শ্বাসরোধ করে রেখেছেন। তাই এসব ঘটনা তো ঘটবেই। মাঝখানে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

প্রথম আলো: জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার প্রথমবারের মতো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলেছেন, নির্বাচনী সহিংসতায় সাধারণ মানুষের প্রাণহানির দায়ে হেগের আদালতে আমাদের রাজনীতিকদের বিচার হতে পারে। কিন্তু এ বিষয়ে সরকার নীরব। কেন?

এরশাদ: হয়তো তারা কোনো বড় শক্তির ভরসায় নীরব রয়েছে। ভাবছে, তারা পাশে থাকলে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে জবাবদিহি করতে হবে না।

প্রথম আলো: বিএনপিও নীরব।

এরশাদ: হয়তো তারা এর গুরুত্ব বুঝতে পারছে না। তবে সরকারেরটা বলতে পারি, তারা হয়তো ভাবতে পারে অন্য কেউ তাদের রক্ষা করবে।

প্রথম আলো: ১৯৯০ সালে আপনি যে ব্যবস্থা রেখে গেলেন, তারপর সংসদীয় ব্যবস্থার নামে রাষ্ট্রপতি মুছে প্রধানমন্ত্রী শব্দ লেখা হলো। এ নিয়ে আপনাকে কথা বলতে শুনি না। শৃঙ্খলিত বলেই কি?

এরশাদ: দুই দলই এতে কর্ণপাত করবে না।

প্রথম আলো: আপনার শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংসের অভিযোগ ছিল। সেই ধ্বংসযজ্ঞ থেকে বিনির্মাণ প্রক্রিয়াটি কেমন দেখলেন?

এরশাদ: আমি বিচার বিভাগে হস্তক্ষেপ করিনি। কারও পদোন্নতি নিয়ে কথা বলিনি। নিম্ন আদালতেও নয়, উচ্চ আদালতেও নয়। পিএসসিতে কখনো হস্তক্ষেপ করিনি।

প্রথম আলো: আপনার একটি কথা অন্তত সত্য নয়। প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেনকে আপনি অপসারণ করেছিলেন। তিনি এজলাসে বসেছিলেন। আপনি বয়স কমিয়ে তাঁকে তাৎক্ষণিক সরিয়েছিলেন। সেই কলঙ্কের দাগ আপনার আছে। কেন, বলুন?

এরশাদ: বলতে আমার আপত্তি নেই। তিনি সামরিক শাসনের বিরোধী ছিলেন। এটা স্বাভাবিক যে সামরিক শাসনের বিরোধিতা সবাই করবেন। কিন্তু উনি একটু বেশি বিরোধী ছিলেন। তাই বাধ্য হয়ে করেছিলাম। তবে তখন কিন্তু সামরিক শাসন চলছিল। গণতন্ত্রে উত্তরণের পরে আমি কিন্তু এমন কিছু আর করিনি। বিচারপতি বদরুল হায়দার চৌধুরী অষ্টম সংশোধনী বাতিল করেছিলেন। আমার কোনো প্রতিক্রিয়া ছিল না। প্রথম দিকে কিছু ভুল-ত্রুটি করেছিলাম। আমি এখন প্রদেশ গঠন করার কথা বলছি। যদি প্রদেশ হয়, তাহলে সেখানে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ যাবে। এখন ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা কেন্দ্রীভূত। এই নিরঙ্কুশ ক্ষমতাই উত্তম শাসনের জন্য বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের জন্য এটাই বড় হুমকি। এই নিরঙ্কুশ ক্ষমতা থাকার কারণেই শেখ হাসিনাকে রেখে বিএনপি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়নি। ক্ষমতা জনগণের কাছে যায়নি।

প্রথম আলো: আপনি বলেন, আপনাকে শৃঙ্খলিত করা হয়েছে। অথচ সপ্তম সংশোধনীর মামলার রায়ে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের জন্য আপনার বিরুদ্ধে আওয়ামী লীগ চাইলে মামলা করতে পারত। কিন্তু সেটা তারা করেনি। এর অর্থ হচ্ছে শৃঙ্খল কী হবে তা-ও কিন্তু বৈষম্যমূলক। আমাদের বেসামরিক রাজনীতিকেরা অতটা বেরসিক নন যে আপনাকে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য শাস্তি দেবে। এখানেও কিন্তু দুই দলের মতৈক্য দেখি। আপনাকে তারা শৃঙ্খলিত করে, আবার শৃঙ্খলিত করেও না।

এরশাদ: (হাসি) আমাকে প্রয়োজন আছে বলে হয়তো করে না।

প্রথম আলো: হয়তো যে রাজনীতি তারা করে, সেখানে আপনার উপস্থিতির একটা গ্রহণযোগ্যতা তাদের দিয়েই চলতে হয়। ’৭৩ সালে ভুট্টো সামরিক শাসন ঠেকাতে যে বিধান করেছিলেন, আপনারা পঞ্চদশ সংশোধনীতে ঠিক সেটা আমদানি করলেন। আপনি কি মনে করেন, দৈত্যটা বোতলে পুরতে পেরেছেন?

এরশাদ: (হাসি) ছিপি খুলে যাবে একদিন।

প্রথম আলো: লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস ও নিউইয়র্ক টাইমস পরপর সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিলেও দুই দল প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কারণ কী?

এরশাদ: এখানে একটা কথা বলি। ভারতের পররাষ্ট্রসচিব আমার সঙ্গে দেখা করতে এলেন। আমি তাঁকে বললাম, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে এখন ক্ষমতায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি (সুজাতা সিং) বলেছেন, তাহলে কী হতে পারে? আমি বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে সরকারের পরিবর্তন ঘটানো। অন্যথায় এ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া খুব কঠিন হবে।

প্রথম আলো: ভারতীয় পররাষ্ট্রসচিব শুনে কী বলেছেন?

এরশাদ: তাঁরা চাইছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কিন্তু বাংলাদেশে এক সরকার দুবার আসে না। স্বাভাবিকভাবে মানুষের মনে চলে আসে আওয়ামী লীগ সরকারের দিন শেষ, বিএনপি সরকারে আসবে।

প্রথম আলো: এটা কেন ঘটে? চরম নিপীড়নমূলক শাসন বলেই কি?

এরশাদ: এটাই বড় সত্য। মানুষ ত্যক্ত-বিরক্ত হয়ে যায়। তাই তারা ক্ষমতাসীন সরকারকে বিদায় দেয়। এটা রোধের একটাই উপায় আছে, যদি বেনোভোলেন্ট (সদাশয়) শাসন আসে।

প্রথম আলো: বিশ্বব্যাপী বেনোভোলেন্ট শব্দটির পরে আরেকটি শব্দ বসে। সেটি বলেননি।

এরশাদ: (হাসি) ডিকটেটর। আমি বলি বেনোভোলেন্ট প্রধানমন্ত্রী। আমি যে ক্ষমতা ভোগ করেছি, বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে বেশি ক্ষমতা ভোগ করছেন।

প্রথম আলো: সাংবিধানিক স্বৈরশাসন বহাল আছে। শুধু...

এরশাদ: (হাসি) কেবল ‘সদাশয়’ শব্দটি নিখোঁজ। তাই তো? আপনি নিরঙ্কুশভাবে সত্য।

প্রথম আলো: তফসিল ১০ দিন পেছানোর শর্ত মানলে নির্বাচনে আসবেন?

এরশাদ: আওয়ামী লীগ এটা মানবে না। কারণ তারা উৎকণ্ঠিত, যদি বিএনপি চলে আসে?

প্রথম আলো: বিএনপি নির্বাচনে আসুক আওয়ামী লীগ চায় না, কথাটা বিশ্বাস করেন?

এরশাদ: বিশ্বাস করি।

প্রথম আলো: নির্বাচন নিয়ে খালেদা হাসিনার কাছে দুবার নিগৃহীত হয়েছেন। এখন খালেদা একবার ফিরতি দেবেন। তাই বিএনপিও আসতে চায় না। এটা বিশ্বাস করেন?

এরশাদ: তা-ও বিশ্বাস করি।

প্রথম আলো: তাহলে বাংলাদেশ গভীর খাদের কিনারে যাচ্ছে, এটা অবধারিত?

এরশাদ: অবধারিত।

প্রথম আলো: কোনো কারণে আপনি নির্বাচনে গেলেও বিএনপিবিহীন নির্বাচন গ্রহণযোগ্য হবে না? স্থিতি ও শান্তি আসবে না?

এরশাদ: না। আমি গেলেও সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। সব দল না এলে শান্তি আসবে না। নির্বাচন হলেও বর্তমান সংঘাত চলতে থাকবে। আমাদের হাত পুড়িয়ে লাভ কী। আমাদের বাঁচার আর কোনো পথ নেই।

প্রথম আলো: আপনি নাকি বিদেশে যাচ্ছেন? রওশন এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন?

এরশাদ: সরকার এটা চাইছে। তারাই ছড়াচ্ছে। গভীর রাতে টিভিতে প্রথম শুনলাম।

প্রথম আলো: তবে আপনার স্ত্রী ও আনিস মাহমুদ সম্ভবত দ্বিধায় আছেন।

এরশাদ: দেখি আজকের দিনটা তো আছে। তাঁরাও শিক্ষিত। লেখাপড়া করেছেন। কোনো লাভ নেই। মানুষ ধিক্কার দেবে।

প্রথম আলো: তদুপরি ছিয়াশির মতো কঠিন উক্তি আপনি করেননি। নির্বাচনে গেলে জাতীয় বেইমান হবেন বলেননি। নিজেকে বদলাতে হলে বলবেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই!

এরশাদ: (হাসি) বঙ্গবন্ধুর কন্যা তো। তিনি তখন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁরও একটা হিসাব ছিল।

প্রথম আলো: এখন বিশিষ্ট নাগরিকদের ফর্মুলা মানলে ক্ষতি কী, তাঁকে রেখেই?

এরশাদ: না, সেটা হবে না। এটা কাজ করবে না। তাঁকে সরে যেতে হবে। তিনি সরবেন না।

প্রথম আলো: বিএনপি নেত্রী অভয় দিয়েছিলেন, তিনি প্রতিহিংসার পথে যাবেন না। আচ্ছা, জাতিসংঘ কি গ্যারান্টি দিতে পারে?

এরশাদ: এটা দিলে খুব ভালো হয়। দেখি তারানকোকে কথাটা বলতে পারি।

প্রথম আলো: আপনার হারিয়ে যাওয়া দশক থেকে দুই নেত্রীর দুই দশকে যে পরিবর্তন এল না, তা কি আমাদের সমষ্টিগত ব্যর্থতা, নাকি প্রধানত দুই নেত্রীর ব্যর্থতা?

এরশাদ: এটা নেতৃত্বের ব্যর্থতা।

প্রথম আলো: দুর্নীতির কথা কী বলবেন।

এরশাদ: আমার দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রথম আলো: আমরা অন্তত হংকংয়ে বিসিসিআই ব্যাংকের টাকার (১০ মিলিয়ন ডলার) কথা জানি। সেই প্রমাণ কিন্তু আছে। পাকিস্তানি ব্যাংকার নাকভির জবানবন্দি...

এরশাদ: না। আমার হিসাবে পাওয়া যায়নি।

 প্রথম আলো: আপনি আপনার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বিকল্প বিরোধীদলীয় নেতা হয়ে উঠেছেন। আওয়ামী লীগের জন্য এটা বড়ই দরকারি। এটা আসলে আপনি উভয় দিকে ব্যবহার করতে পারেন।

এরশাদ: ১৫১ আসন পেয়েও আমরা সরকার গঠন করতে পারব না।

প্রথম আলো: চাইলে আপনি ছিয়াশির বিরোধী দল হতে পারেন। যেটা হয়ে আওয়ামী লীগ আপনার উপকার করেছিল।

এরশাদ: সেটা হওয়ার ইচ্ছা আমার নেই। কিন্তু ভাগ্যচক্রে যদি হয়ে যাই ক্ষতি কী!

প্রথম আলো: শিশির ভট্টাচার্য্য কি আপনাকে আহত করেছেন? নাকি তাঁর কার্টুনে আপনার ভূমিকা প্রকৃতই প্রতিফলিত হয়েছে?

এরশাদ: (হাসি) তা হয়েছে।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

এইচ এম এরশাদ: ধন্যবাদ।