চলমান এ রাজনৈতিক সংকট কেন, উত্তরণের উপায় কী, এ জন্য কে বা কারা দায়ী—এসব জানতে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনের মতামত জানার চেষ্টা করছে প্রথম আলো। এর অংশ হিসেবে আজ প্রকাশিত হলো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাক্ষাৎকার। গতকাল শনিবার বেলা ১১টায় এরশাদের বারিধারার বাসভবনে সাক্ষাৎকারটি নিয়েছেন মিজানুর রহমান খান
প্রথম আলো: আপনি কি বিশ্বাস করেন, ৫ জানুয়ারি নির্বাচন হচ্ছে?
এইচ এম এরশাদ: না। কিছুতেই না।
প্রথম আলো: তাহলে এটাই আমরা ধরে নেব যে আপনি বিএনপিকে বাইরে রেখে নির্বাচনে যাচ্ছেন না?
এরশাদ: না। তা নয়। সব দল না এলে নির্বাচনে যাব না।
প্রথম আলো: আপনার এই সব দলের মধ্যে বিএনপিও কি পড়ে?
এরশাদ: নিশ্চয়ই। বিএনপি একটি বড় দল। বিএনপি না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
প্রথম আলো: ১৩ তারিখে জাপার সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন?
এরশাদ: লাঙল প্রতীক বরাদ্দের বিষয়টি আমার হাতেই।
প্রথম আলো: প্রতীক-সংক্রান্ত মামলার বাদী রওশন এরশাদ। তাই তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেই...
এরশাদ: লাঙল পেলাম কি পেলাম না, বড় কথা নয়। আমাকে বাদ দিয়ে নির্বাচন করে তো লাভ হবে না।
প্রথম আলো: এখন কোনটা আসন্ন? জরুরি অবস্থা, না অন্য কিছু?
এরশাদ: অন্য কিছু না হওয়াই ভালো। কারণ, তা টেকসই সমাধান নয়। আর জরুরি অবস্থাও সমাধান নয়।
প্রথম আলো: আপনাকে হঠাৎ ভারতবিরোধী মনে হচ্ছে। কিন্তু ভারতের সঙ্গে আপনার দীর্ঘ সখ্য রয়েছে। ড্রয়িংরুমে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সঙ্গে আপনার আলোকচিত্র দেখলাম।
এরশাদ: ভারত আমাদের বন্ধু প্রতিবেশী। ইন্দিরা গান্ধী আমাকে ছেলের মতো জানতেন। সোনিয়ার সঙ্গে যে ছবিটির কথা বলছেন, সেটি কুয়েতে তোলা। তাঁর সঙ্গে বহুবার কথা হয়েছে। আমি বলতে চাইছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারত যদি আওয়ামী লীগকে সমর্থন দেয়, তাহলে সেটা ভারতের জাতীয় স্বার্থের অনুকূল হবে না। উপরন্তু শেখ হাসিনাকে সমর্থন দিলে দেশের মানুষ অহেতুক ভারতবিরোধী হতে পারে।
প্রথম আলো: ৬ ডিসেম্বর আপনার আমলের অন্তিম দিন পালন করেছি। বলুন তো, রক্তের রং কী?
এরশাদ: রক্তের রং আমার জানা নেই। কোনো দিন রক্তের রং দেখিনি।
প্রথম আলো: আপনি বলেছিলেন, আপনার হাতে রক্তের দাগ নেই। আপনি কি কখনো কোনো নেতা-নেত্রীর হাতে রক্তের দাগ দেখেছেন?
এরশাদ: আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না। মানুষ মেরে ক্ষমতায় থাকা যায় না। জীবিকার সন্ধানে মানুষ বেরোচ্ছে, তারা মারা পড়ছে। গুলি করে মারা হচ্ছে।
প্রথম আলো: শহীদ নূর হোসেন ও ডা. মিলনের জন্য স্মৃতিস্তম্ভ হয়েছে। কবিরা কবিতা লিখেছেন। এবার ৪৮ দিনের হরতালেই ২৯০ জন নিহত হয়েছেন। তাঁদের জন্য শহীদ মিনার কারা করবেন? কারা কবিতা লিখবেন?
এরশাদ: দেশটা দুই ভাগে বিভক্ত হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিতে। আওয়ামী লীগ যখন মারে, তখন নীরবতা দেখি। কারণ, বেশির ভাগ কবি ও সাংস্কৃতিক কর্মী আওয়ামী লীগের দিকে। তাই তাঁরা কবিতা লেখেন না। দুঃখ পান না। বিএনপির সময়েও তাই। আমার একটা অসুবিধা ছিল। কারণ, আমি সামরিক বাহিনীর। সামরিক আইন জারি করে এসেছি। আমার সময় তাই তাঁরা বেশি করতেন। শহীদ নূর হোসেনকে পুলিশ মারেনি। ডা. মিলনকে কে মেরেছে, তা আজও জানি না। আমিও তাঁর হত্যার বিচার চেয়েছি, কিন্তু বিচার পাইনি।
প্রথম আলো: সেলিম-দেলোয়ার ট্রাকের চাকায় পিষ্ট হওয়ার পর আপনি সম্ভবত কিছু করেছিলেন।
এরশাদ: অনেকের বাধা সত্ত্বেও আমি তাঁদের স্বজনদের কাছে গিয়েছিলাম। বলেছি, আপনাদের সন্তান মারা গেছে। তাকে ফেরত দিতে পারব না। সে যা করতে পারত, আমি আপনাদের জন্য তা করতে চেষ্টা করব। যতটুকু সম্ভব হয়েছিল আমি সহায়তা দিয়েছিলাম। সিরাজগঞ্জে জিহাদের বাড়িতে গিয়েছিলাম। গরিব মানুষের ছেলে। তার বাড়িটা মেরামত করে দিয়েছিলাম। আমি কিন্তু তাদের মারিনি।
প্রথম আলো: আজ যাঁরা মারা যাচ্ছেন, তার বিচার হচ্ছে না। এই দায়মুক্তির শেষ কোথায়?
এরশাদ: শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়েছিলেন। কিন্তু তিনি মনে করেন না যে যারা মারা যাচ্ছে, তাতে তাঁর দায় আছে। এ অবস্থায় দেশটা এল কেন। হরতাল কেন হচ্ছে। বাস কেন জ্বলছে। আগেও এসব হয়েছে কিন্তু এতটা ব্যাপকতায় নয়। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমার মনে হয়, আমরা মানবিকতা হারিয়ে ফেলেছি। মরা মানুষ দেখে আজ আর মমতাবোধ জাগে না।
প্রথম আলো: আপনি কেন শেষ মুহূর্তে নাটকীয় সিদ্ধান্ত নিলেন। সবটাই রাজনৈতিক কারসাজি? নাকি নীতিনৈতিকতাও আছে।
এরশাদ: আমি বারবার বলে আসছি, সব দল নির্বাচনে না এলে তা গ্রহণযোগ্য হবে না। বিএনপি আসবে বলে অপেক্ষা করেছিলাম, তারা এল না। এ পরিস্থিতি সৃষ্টি হলো কেন। সরকার বলতে পারত তত্ত্বাবধায়ক সরকার মানতে পারলাম না, তাহলে এমন একটা কিছু মানলাম, যাতে বিএনপি আসতে পারে।
প্রথম আলো: দর-কষাকষি করে মন্ত্রিত্ব নিয়েছেন। কী চেয়েছিলেন আর কী পেয়েছেন?
এরশাদ: দর-কষাকষি করিনি। ছয়জনের নাম চেয়েছে, দিয়েছি। সাতটাও চাইনি, ১২টাও চাইনি। কারণ, আমি জানি, এটা অস্থায়ী।
প্রথম আলো: কে কোন দপ্তর পাবেন, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের আলোচনা হয়েছিল?
এরশাদ: না। বিএনপি এলে ১২টি মন্ত্রিত্ব পেত। তাহলে সর্বদলীয় একটা সরকার নির্বাচন করতে পারত।
প্রথম আলো: প্রধানমন্ত্রীর হাতেই নিরঙ্কুশ ক্ষমতা। ৫০টি মন্ত্রিত্ব দিলেও এটা ভারসাম্যপূর্ণ হওয়ার নয়।
এরশাদ: শত ভাগ সঠিক।
প্রথম আলো: তাহলে আপনি বিএনপিকে ১২টি মন্ত্রিত্ব নিতে বলছেন কেন?
এরশাদ: আমি বলেছিলাম সে অবস্থায় প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা থাকবেন না। অন্য কেউ আসবেন, সবার মতামতের ভিত্তিতে।
প্রথম আলো: আপনি কি কখনো এ কথাটি শেখ হাসিনাকে সরাসরি বলেছেন?
এরশাদ: বলেছি।
প্রথম আলো: তিনি কী বলেছেন?
এরশাদ: তিনি বলেছেন, এটা সম্ভব নয়। এই আলোচনা গণভবনে হয়েছে। আমি বলেছি, আপনি থাকলে বিএনপি আসবে না। তার চেয়ে সর্বদলীয় সরকার করে প্রধানমন্ত্রিত্ব পদ অন্য কাউকে দিন।
প্রথম আলো: সংসদের বাইরের কাউকে দিতে বলেছিলেন?
এরশাদ: ওই পদ এখন কেবল রাষ্ট্রপতিই নিতে পারেন।
প্রথম আলো: তার মানে ৩০০ জনের মধ্যে আপনি অন্য কাউকে দেখেন না।
এরশাদ: না। জাপা ২৯৯ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। রাষ্ট্রপতির আসনে দিইনি। তিনি একজন ভালো মানুষ। বিএনপিও তাঁকে মেনে নিত।
প্রথম আলো: আপনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধী। আবার সবার অংশগ্রহণে নির্বাচন চাইছেন। এটা স্ববিরোধী কি না। এখন যে শর্তে নির্বাচনে যেতে চাইছেন, সেটা এর পরের নির্বাচনে কীভাবে কার্যকর হবে। একটা স্থায়ী ব্যবস্থা তো লাগবে।
এরশাদ: না। আমি নির্বাচনকালীন পদ্ধতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধিতা করি না। আমার দুঃখ ও ক্ষোভ হচ্ছে, প্রতিটি নির্বাচনেই তারা জাপার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। আমি তাই এই ব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধ।
প্রথম আলো: তাহলে ব্যবস্থা হিসেবে আপনি এর বিরোধী নন?
এরশাদ: না। এই সংকট আদালত থেকেও এসেছে। দুই মেয়াদে এই ব্যবস্থার অধীনে নির্বাচনের কথা বলে ১৬ মাস পরে আবার তাতে পরিবর্তন আনা হয়েছে।
প্রথম আলো: কেন নিজেকে শৃঙ্খলিত রাজনীতিক ভাবছেন?
এরশাদ: আমার বিরুদ্ধে ৭৪টি মামলা করা হয়েছিল। মঞ্জুর হত্যা মামলা দেওয়া হলো ঘটনার ১১ বছর নয় মাস পর। সেই মামলার নিষ্পত্তি কেউ করল না। আওয়ামী লীগ ও বিএনপি দু-দুবার করে মেয়াদ পুরা করল। মহাজোটে পাঁচ বছর থাকলাম। এর সুরাহা হলো না। আদালত শুনানি শেষের পর হঠাৎ ২১-২২ জানুয়ারি রায়ের তারিখ ঠিক হলো। শত্রুর সঙ্গেও এ রকম কেউ করে না। আমি তো মহাজোটের মিত্র ছিলাম।
প্রথম আলো: তার মানে মহাজোটে থেকেও আপনি একটা অদৃশ্য কারাগারে ছিলেন।
এরশাদ: আমি একটা কারাগারে ছিলাম। মন খুলে কথা বলতে পারিনি।
প্রথম আলো: আপনি কি এই দুঃখের কথা প্রধানমন্ত্রীকে সরাসরি বলেননি?
এরশাদ: অনেকবার বলেছি। তিনি বলেছেন, আইনের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে চান না। অথচ শত শত মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। আমারটা হয়নি।
প্রথম আলো: আপনার কি মনে হয়, বিএনপিও এমনই আচরণ করত?
এরশাদ: তাই মনে হয়। দুই দলই একই আচরণ করেছে।
প্রথম আলো: খালেদা জিয়ার সঙ্গে কি এ নিয়ে আপনার কথা হয়েছে? আপনাকে যখন তারা পেতে চায় তখন এ নিয়ে কথা বলেননি?
এরশাদ: আমার প্রতি বিএনপির একটা স্বাভাবিক আক্রোশ থাকার কথা। কারণ, আমি তাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিলাম। ১৯৯৬ সালে আমার আসন ছিল ৩৩টি। বিএনপির ছিল ১১৬। বিএনপি লোক পাঠাল। আমার সমর্থন চাইল। আমি তখন বিএনপিকে সমর্থন দিলে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারত না। আমি শেখ হাসিনাকে সমর্থন করেছিলাম।
প্রথম আলো: ১৯৯০ এর পরে বেগম জিয়ার সঙ্গে আপনার কতবার সাক্ষাৎ হয়েছে?
এরশাদ: আমার ঠিক মনে নেই। তবে কয়েকবার হয়েছে। তিনি বলেছিলেন, আমাদের সঙ্গে যোগ দিন। আমার বাসায় তিনি এসেছিলেন।
প্রথম আলো: আপনার ‘স্বৈরাচারী’ দশক আর দুই নেত্রীর দুই ‘নির্বাচিত’ দশকের মধ্যে তুলনা করুন।
এরশাদ: আমি সামরিক বাহিনী থেকে এসেছিলাম। তাই মানুষের ধারণা আমি স্বৈরাচার। কিন্তু অন্যায়ভাবে আমি কোনো মানুষকে শাস্তি দিইনি। আক্রোশের বশে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিইনি। আমি গণতন্ত্র চেয়েছি। তাই ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম।
প্রথম আলো: আপনি তত্ত্ব দিয়েছিলেন দেশ পরিচালনায় সেনাবাহিনীর অংশীদারি থাকবে। সেই অবস্থান থেকে কি আপনি সরে দাঁড়িয়েছেন?
এরশাদ: সামরিক বাহিনী একটি শক্তি। তাদের যদি উন্নয়ন কাজে...
প্রথম আলো: সারা বিশ্বে বেসামরিক প্রশাসনের সহায়তাকারী হিসেবে সেনার ভূমিকা স্বীকৃত। কিন্তু ক্ষমতার অংশীদারি গণতন্ত্রে অচল।
এরশাদ: না, আমি ক্ষমতার কথা বলিনি। সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি হতে পারে না। এটা আমি কখনো বলিনি।
প্রথম আলো: প্রধান নির্বাহীর বাইরে কাউকে প্রতিরক্ষামন্ত্রী করা হয় না কেন?
এরশাদ: দেশের প্রধান নির্বাহী প্রতিরক্ষাকে সব সময় হাতে রাখেন। কারণ, তিনি মনে করেন, এটা তাঁর বড় রক্ষাকবচ। কিন্তু সব সময়ই কি তা হয়? সব সময় তা হয় না। রক্ষাকবচ সত্ত্বেও সামরিক অভ্যুত্থান ঘটে। তাই মনে হয়, এটা আরেকজনের হাতে রাখাই ভালো। আমি সশস্ত্র বাহিনী বিভাগ গঠন করেছিলাম।
প্রথম আলো: সেটা আজও চলছে। সেটা অগণতান্ত্রিক। আপনি কি মনে করেন না এই বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ প্রকারান্তরে বেসামরিক কর্তৃত্বকে অগ্রাহ্য করছে এবং এর বিলুপ্ত হওয়া উচিত?
এরশাদ: না। আপনাকে মনে রাখতে হবে এএফডি সম্পূর্ণরূপে একটি সামরিক প্রতিষ্ঠান।
প্রথম আলো: সেখানেই আপত্তি। গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো জায়গা নেই।
এরশাদ: কিন্তু এটাও তো ঠিক যে সবকিছু ঠিক হওয়ার পরে সব বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক কর্তৃপক্ষের (প্রধানমন্ত্রীর) কাছেই তো যাচ্ছে।
প্রথম আলো: আমাদের প্রতিরক্ষানীতি নেই। সাবেক সেনাপ্রধান হয়েও মহাজোট সরকারে থেকে এ নিয়ে কোনো কথা বললেন না। রাশিয়া থেকে আট হাজার কোটি টাকার সমরাস্ত্র আমরা কেন কিনলাম?