২৫ অক্টোবর নিয়ে যে নিরাপত্তাহীনতার উদ্বেগ জনমনে দেখা গিয়েছিল, তা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। সরকার ও বিরোধী দলের সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের ফলেই এটা সম্ভব হয়েছে। যদিও ঢাকার বাইরে গুলি ও সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা দুঃখজনক।
তিনটি স্থানে সভা করার অনুমতি চেয়ে বিএনপি যখন সোহরাওয়ার্দী উদ্যান পেল, তখন কিন্তু দলটি বেঁকে বসেছিল। তবে বিএনপির নেতারা শেষ পর্যন্ত ডিএমপির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় একটা অহেতুক গোলযোগ এড়ানো সম্ভব হলো। আমরা আশা করব, দুই যুযুধান পক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং সংঘাত-সংঘর্ষ বাড়ে এমন কিছু করবে না। শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেমন সরকারের, তেমনি বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারও তারা অগ্রাহ্য করতে পারে না। দীর্ঘক্ষণ প্রধান সড়ক আটকে রাখলে যান চলাচলে এবং নাগরিক জীবনে বড় ধরনের বিরূপ প্রভাব পড়ে। সে ক্ষেত্রে সভা-সমাবেশ করার ক্ষেত্রে ব্যস্ততম সড়ক ব্যবহার না করাই শ্রেয়। তবে এই নিয়ম কেবল বিরোধী দলের জন্য প্রযোজ্যহতে পারে না। কর্তৃপক্ষ সরকারি দলের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করবে বলে আশা করা যায়।
এ মুহূর্তে সমঝোতা ও শান্তিপূর্ণ পরিবেশ জনগণের একমাত্র দাবি হলেও সেটি বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের ওপর। বাংলাদেশের ইতিহাসে টানা ৬০ ঘণ্টার হরতাল অভিনব কর্মসূচি নয়। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী এটা ‘সফল’ হতে দিলেও বিরোধী দলের দাবি পূরণ হবে না, সরকারও টলবে না। তাই সরকারের পাইকারি গ্রেপ্তার বা
দমন-পীড়ন পরিহার করাই সমীচীন হবে। বিরোধী দলকেও আইন মেনে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালন করতে হবে। বিরোধী দলের নেতা আওয়ামী লীগের কর্মীদের হাতে অস্ত্র দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কিন্তু তিনি একই সঙ্গে ‘দা-কুড়ালের’ নিন্দা জানাতেও ব্যর্থ হয়েছেন। আওয়ামীলীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী হরতালকে ‘জনগণের জন্য পান্তাভাত’ বলে যে মন্তব্যকরেছেন তা উসকানিমূলক। এ মুহূর্তে উভয় পক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আলোচনায় বসে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।