‘আমরা অসুস্থ সরকার চাই না’—গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে গেলে তাঁদের একজন গীতা সেন তাঁর উদ্দেশে সংক্ষুব্ধ কণ্ঠে বাক্যটি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও যেসব কথা বলেছেন তার মর্মার্থ হলো: সাধারণ মানুষ রাজনীতি করি না, সরকার বা বিরোধী দলের দয়ায় চলি না। আমরা প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতাকেও চিনি না। তাহলে কেন এই রাজনীতির খেলার শিকার হব?
গীতা সেন টিভির খুদে সাংবাদিক তাঁর মেয়েকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে বাসে কারওয়ান বাজারে যাচ্ছিলেন। শাহবাগের কাছে যেতেই দুর্বৃত্তরা বাসটিতে পেট্রলবোমা ছুড়ে গীতাসহ ১৯ জনের শরীর ঝলসে দেয়। অগ্নিদগ্ধ দুজন ইতিমধ্যে মারা গেছেন। যাঁরা বেঁচে আছেন, তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই নিষ্ঠুরতার জবাব কী?
আমাদের রাজনৈতিক নেতৃত্ব, এমনকি প্রধানমন্ত্রীও গীতা সেনের কণ্ঠে যে ক্ষোভ ও বেদনার কথা উচ্চারিত হয়েছে, সেটি সম্যক উপলব্ধি করতে পেরেছেন বলে মনে হয় না। পারলে তিনি ‘এটা তো আন্দোলন নয়,’ কিংবা ‘যা ট্রিটমেন্ট লাগে আমরা দেব’—এর মধ্যে তাঁর বক্তব্য সীমিত রাখতেন না। গীতা সেন আরও কিছু কথা বলেছেন। তিনি অসুস্থ সরকারের স্থলে একটি ভালো সরকার চেয়েছেন, যে সরকারের আমলে আগুনে মানুষ পুড়িয়ে মারার ঘটনা ঘটবে না। সেই ভালো সরকারটি দেওয়ার দায়িত্ব কি প্রধানমন্ত্রীর নয়?
মানুষ এমন একটি সরকার চায়, যারা জনগণের স্বার্থকেই বড় করে দেখবে। বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাবে না, আবার বিরোধী দলও সেই দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলনের নামে বাসে আগুন দেবে না। তারা এমন একটি সরকার চায়, যারা নির্বাচনের নামে গোটা দেশকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করাবে না। তারা এমন একটি সরকার চায়, যারা দেশ ও জনগণের নিরাপত্তার চেয়ে গদির নিরাপত্তাকে বড় করে দেখবে না।
গীতা সেনের মনের ভাষা যদি প্রধানমন্ত্রী বুঝতে পারেন, তাঁর প্রথম ও প্রধান কর্তব্য হবে, এ মুহূর্তে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসে নির্বাচনের ব্যাপারে একটি সমঝোতায় আসা। বোমাবাজি ও আগুনে পোড়ার জন্য বিরোধী দলকে তিনি দায়ী করতে পারেন, কিন্তু তারা যে কারণে হরতাল-অবরোধ করছে, সেই কারণগুলো দূর না করা পর্যন্ত যে এসব বন্ধ করা যাবে না, সে কথাটিও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে।
আমরা বরাবরই দেখে আসছি, ক্ষমতার লড়াইয়ের শিকার হয় প্রধানত সাধারণ মানুষ, যাঁরা গীতা সেনের ভাষায়, ‘আমরা আপনাদের তৈরি করি, আপনারা আমাদের তো রক্ষা করতে পারেন না।’ গীতা সেনের কণ্ঠে ১৬ কোটি মানুষের আর্তি ও অসহায়ত্বই মূর্ত হয়ে উঠেছে।