পত্রিকায় একজন চিঠি-লেখকের আকুতির শিরোনাম নিয়েই এই লেখার সূত্রপাত, যেখানে লেখক দেশ উদ্ধারকর্তার কাছে আকুতি জানিয়েছেন। এই আকুতি এখন দেশের সিংহভাগ জনগণের। আমরা যারা জ্ঞান-গরিমায় দীন, তাদের আছে তীব্র আবেগ, যা আবেগ কিন্তু প্রকাশ করতে পারছে না, বড় দুটি দলের অগণতান্ত্রিক কর্মকাণ্ডও মেনে নিতে পারছে না। তারা বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় আছে।
দেশে ব্যবসায়ী সংগঠনগুলো অনেক শক্তিশালী এবং নতুন প্রজন্মের ব্যবসায়ীরা অনেকে বিদেশি নামীদামি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। তাঁদের সঙ্গে রয়েছেন লাখ লাখ শ্রমিক ও হাজার হাজার কর্মচারী-কর্মকর্তা। ব্যবসায়ী সংগঠনগুলো যদি ছোট রাজনৈতিক দলগুলোকে সমর্থন ও সহযোগিতা করে, তবে এই দলগুলো প্রাণ ফিরে পেয়ে তৃতীয় শক্তির দিকে আস্তে আস্তে এগোতে পারে। এ ক্ষেত্রে কিছু ব্যবসায়ী পুরোনো বড় দলে যুক্ত থাকলেও ক্ষতি নেই, এখানে সাংগঠনিক সিদ্ধান্তই জরুরি। বড় দলগুলো প্রতি পাঁচ বছর পর ক্ষমতায় আসে লুটপাট করতে এবং জনগণের অর্জনকে ধূলিসাৎ করতে। এই দলগুলো নিজেদের স্বার্থে যখন-তখন দেশে অস্থিরতা ও সংঘাতের জন্ম দেয়, যা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়।
দেশে রয়েছে বহু ছোট-বড় এনজিও, যারা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে তৃতীয় শক্তিকে জোরদার করতে পারে। এই উভয় সংগঠন যদি নিজেদের প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা করে শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের উদ্বুদ্ধ করে, তবে বিরাট কাজ হবে। এই বিকল্প শক্তির জন্য দরকার কিছু সৎ দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিক, যাঁরা জনগণের আবেগকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবেন।
নুরুল আমিন
ব্যবসায়ী, ঢাকা।