আমাদের দেশে বর্তমানে উচ্চশিক্ষিত অনেক ব্যক্তি বেকার আছেন। প্রতিবছর এর সংখ্যা বাড়ছে। কর্মক্ষেত্র সীমিত হওয়ার কারণে অনেক নারী-পুরুষ যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না। এ কারণে আমাদের অবশ্যই বিকল্প কর্মক্ষেত্র তৈরি করতে হবে। এ ক্ষেত্রে ইন্টারনেটে মুক্ত পেশা অর্থাৎ আউটসোর্সিং হতে পারে একটি সুযোগ।
আউটসোর্সিংয়ের বিভিন্ন কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করে অনায়াসে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এ দেশের অনেক তরুণ-তরুণী এটার মাধ্যমে যথেষ্ট অর্থ উপার্জন করছেন। এ ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। যোগাযোগব্যবস্থা যেমন একটি দেশকে গতিশীল করে, ঠিক তেমনি ইন্টারনেট এ দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে অসামান্য অবদান রাখতে পারবে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটকে ছড়িয়ে দিতে হবে। কম মূল্যে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট এ দেশের সব স্থানে পৌঁছানো সম্ভব হলে এ দেশের সম্ভাবনাময় তরুণ-তরুণী অবশ্যই আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের আয়ের ব্যবস্থা করতে পারবে।
সরকার যেভাবে বিভিন্ন অবকাঠামোর উন্নয়নের জন্য ব্যয় করছেন, ঠিক একইভাবে ইন্টারনেট অবকাঠামো উন্নয়নে ব্যয় করলে অবশ্যই এ দেশের জন্য ইতিবাচক হবে।
মো. আরিফুর রহমান
সহকারী ব্যবস্থাপক
সাধারণ বীমা করপোরেশন।