প্রতিবারের মতো এবারও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্রসফায়ারের যে গল্প সাজিয়েছে, তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। সরকারের একজন মন্ত্রী, যাঁর কোনো দপ্তর নেই, তিনিও গতকাল এক আলোচনা সভায় ঘটনাটিকে র্যাবের নাটক বলে অভিহিত করেছেন। মন্ত্রীর চোখে যখন এটি নাটক, তখন সাধারণ মানুষের কাছে কী, তা সহজেই অনুমান করা যায়।
গত বুধবার রাতে গুলশানের একটি বিপণিবিতানের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন যুবলীগের নেতা রিয়াজুল হক মিল্কি। র্যাবের দাবি অনুযায়ী, হত্যার দায়ে অভিযুক্ত এস এম জাহিদ সিদ্দিকীকে তাদের সদস্যরা পুলিশের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে উত্তরা থেকে গুলশান থানায় নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁর সহযোগীরা তাঁকে ছিনিয়ে নিতে র্যাবের গাড়িতে হামলা চালায় এবং দুই পক্ষের বন্দুকযুদ্ধে সিদ্দিকীসহ দুজন নিহত হন।
এ ঘটনা যেসব প্রশ্নের জন্ম দিয়েছে তা হলো, হত্যার প্রতিকার কি হত্যাকারীকে ধরে নিয়ে হত্যা করা? তাহলে দেশে আইন-আদালতের প্রয়োজন কী? অভিযুক্ত ব্যক্তি যত ঘৃণ্য অপরাধই করুক না কেন, আত্মপক্ষ সমর্থনের অধিকার তাঁর আছে। এখানে সেই অধিকার হরণ করা হয়েছে। দ্বিতীয়ত, রিয়াজুল হত্যার দায়ে আটক যে দুই সন্ত্রাসী কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন, তাঁদের পেছনে কোনো মদদদাতা থাকলে তা বের করা এখন কঠিন হয়ে পড়বে। তৃতীয়ত, নিহত রিয়াজুলের ভাই একজন পদস্থ সেনা কর্মকর্তা বিধায় মামলার তদন্তভার যে গতিতে র্যাবের হাতে ন্যস্ত হলো, অন্য ক্ষেত্রে সেটি সম্ভব হতো কি? হত্যার বিচারের পরিবর্তে এভাবে বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটতে থাকলে মানুষ প্রচলিত বিচারব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে, যা একটি সভ্য দেশে কাম্য হতে পারে না। আমরা তো সেই দাঁতের বদলে দাঁত এবং প্রাণের বদলে প্রাণ কেড়ে নেওয়ার মধ্যযুগে ফিরে যেতে পারি না।
দুর্ধর্ষ অপরাধীরা ‘ক্রসফায়ার’ কিংবা অন্য কোনো অঘটনে মারা গেলে মানুষ তখনই খুশি হয় যখন দেখে, আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। রিয়াজুল হক হত্যার পরিপ্রেক্ষিতে আরেকটি ক্রসফায়ারের ঘটনা সেদিনই ঘটল, যেদিন নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য বিরোধী দলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়িকে দায়ী করেছে।
বলার অপেক্ষা রাখে না, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যা সহ্য করা হবে না বলে নির্বাচনের আগে যে ঘোষণা দিয়েছিল, মেয়াদের শেষে এখন সেই ঘোষণা তাদের বিদ্রূপ করছে। আইনের রক্ষকদের হাতে আইন লঙ্ঘন তথা বিচারব্যবস্থার প্রতি এই চরম অবজ্ঞা চলতে থাকলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কীভাবে? আমরা রিয়াজুল হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই সঙ্গে সহযোগীসহ রিয়াজুল হত্যার মূল আসামি জাহিদের ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার ঘটনারও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করি।