'গ্রেপ্তার-বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের আগের রাত থেকে এ পর্যন্ত দায়ের করা ৩১৫ মামলায় নামে-বেনামে ৬৩ হাজারের বেশি লোককে আসামি করার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে দেশের ফৌজদারি অপরাধের বিচারব্যবস্থা ভেঙে পড়তে পারে। এখানে ঘোরতর অচলাবস্থা দেখা দিয়েছে অথচ কর্তৃপক্ষ তা স্বীকার করতে চাইছে না। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারের বাইরের আসামি ধরতে পুলিশের আগ্রহের খবরও কার্যত বিশৃঙ্খলপূর্ণ অবস্থারই প্রতিফলন। জাতীয় মানবাধিকার কমিশনের মুখপাত্র অপ্রিয় সত্য উচ্চারণ করেছেন। তাঁর এই আশঙ্কা অমূলক নয় যে সন্দেহভাজন আসামি গ্রেপ্তার স্রেফ ব্যবসা ও লোক দেখানোর জন্য। পুলিশের ঊর্ধ্বতন মহল একান্তে স্বীকার করে যে পুলিশের অর্থ আদায়ের অভিযোগ তারা পেয়েছে।
নাগরিকের নিরাপত্তায় সুশৃঙ্খল বাহিনীর এই উথালপাতাল অবস্থার দ্রুত রাশ টানা দরকার। পুলিশের মহাপরিদর্শক অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন, ‘সুশৃঙ্খল বাহিনীর কার্যকলাপ নিয়ে এ রকম ঢালাও অভিযোগ করা সমীচীন নয়।’ নামে-বেনামে ৬৩ হাজারের বেশি লোককে আসামি করার মতো তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে তা কোনো মানদণ্ডে ‘সুশৃঙ্খল’ কাজ বলে গণ্য হওয়ার নয়। ফৌজদারি অপরাধের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির নাম জড়িত করার বিষয়ে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, পুলিশ তা যেন বিস্মৃত হতে চলেছে।
গণমামলা, গণ-আসামি, গণগ্রেপ্তারের পাশাপাশি বিচারহীনতার ঘটনাও উদ্বেগজনক। গত বছর সাঈদীর ফাঁসির রায়ের পর গাইবান্ধার সহিংসতায় ৩২ মামলায় ৬০ হাজার আসামি করা হলো। অভিযোগপত্র মাত্র চারটি। তিন শতাধিক গ্রেপ্তার, অনেকেই জামিনে ঘুরছেন, কারও বিচার হয়নি। যেখানে মাত্র এক হাজার ১৩৪ জনের নাম নির্দিষ্ট করেছে পুলিশ, সেখানে ৬০ হাজার লোককে আসামি কেন? এই গাইবান্ধায়ই ১৮ জানুয়ারি পুলিশের বিরুদ্ধে গোটা একটি গ্রাম ফুঁসে ওঠার কারণ তারা নিরীহ মানুষের বাড়িঘরে হামলা করেছিল। মানুষ ভয়ে পুলিশের কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। পুলিশ তাদের কোনো সদস্যের বিরুদ্ধেও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়নি। এমনকি এর প্রয়োজনীয়তা খতিয়ে দেখতেও তারা নারাজ।
আমরা আশঙ্কা করছি, ফৌজদারি অপরাধের প্রতিকারের ক্ষেত্রে একটা নৈরাজ্য ধেয়ে আসছে। এ ব্যাপারে হুঁশিয়ার না হলে বড় বিপর্যয় রোধ করা যাবে না। নবতর মাত্রায় ‘বন্দুকযুদ্ধ’ তারই ইঙ্গিত। অথচ পুলিশের অভ্যন্তরীণ জবাবদিহি কার্যত বন্ধ রয়েছে। রাজনৈতিক নির্দেশনাও স্থগিত।
যেমন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জানুয়ারি গাইবান্ধার জনসভায় শুধু ১৮ জানুয়ারির তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। গাইবান্ধায় গত বছরের ফেব্রুয়ারির সহিংসতায় পুলিশসহ আটজন নিহত হওয়ার বিচারের বিষয়ে ওই এলাকাবাসীর উদ্দেশে তাঁর যেন কিছুই বলার ছিল না।
অপরাধের দায়মুক্তি ঘোচানো ও গ্রেপ্তার-বাণিজ্য বন্ধ করতে হলে পুলিশকে পেশাদার সংস্থা হিসেবে গড়তে হবে। আমরা লাল ফিতাবন্দী পুলিশ সংস্কার কর্মসূচি দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।