‘জনবান্ধব’ হওয়ার কোনো চেষ্টা নেই। অথচ নিজেদের ‘চালকবান্ধব’ প্রমাণে প্রতিটি সরকার যেন মরিয়া। বেপরোয়া যান চালিয়ে মানুষ হত্যার যে সাজা ১৯৮৩ সালেও ছিল ১৪ বছর, তিন বছরের মাথায় দুই দফায় কমে তা ঠেকল তিন বছরে। কারণ আর কিছু নয়, চালক-মালিকদের মন ভজন। নইলে পরিবহন ধর্মঘটের মাধ্যমে দেশ অচলের হুমকি। তাঁদের হুমকির কাছে প্রতিটি সরকার যেন ‘কন্যাদায়গ্রস্ত পিতা’। তাঁরা যা চান, তাতে সরকারগুলোর যেন ‘চাহিবামাত্র দিতে বাধ্য থাকিব’ অবস্থা। এ ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান যেন এক কাঠি সরস। মানুষ হত্যায় চালকেরা যতই বেপরোয়া হচ্ছেন, পাল্লা দিয়ে তাঁদের ‘বটের ছায়া’ দিতে এ সরকারও যেন বেপরোয়া। একের পর এক নিচ্ছে চালকবান্ধব হঠকারী সিদ্ধান্ত।
এই তো গত ১৮ সেপ্টেম্বরের কথা। নৌমন্ত্রীর নেতৃত্বাধীন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বনাম স্বরাষ্ট্রমন্ত্রীর দর-কষাকষি বৈঠকে সিদ্ধান্ত হয়, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে এখন থেকে আর দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা নেওয়া হবে না। নেওয়া হবে ৩০৪ (খ) ধারায়। ৩০২ ধারায় স্বতঃপ্রণোদিত হত্যার অভিযোগে বিচার হয়, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর ৩০৪ (খ) ধারায় হয়, হত্যার উদ্দেশ্যহীন বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যার বিচার, যেখানে সর্বোচ্চ শাস্তি মাত্র তিন বছর কারাদণ্ড।
মোটরযান আইন অনুযায়ী, পাঁচ বছর পর ড্রাইভিং লাইসেন্স নবায়নে চালকদের পুনরায় পরীক্ষা দিতে হয়। শ্রমিকনেতাদের আবদারে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন, এখন থেকে কেবল চোখ পরীক্ষা করেই লাইসেন্স নবায়ন করা হবে! ইতিমধ্যে দুর্ঘটনার যেসব মামলা ৩০২ ধারায় নেওয়া হয়েছে, বৈঠকে তা প্রত্যাহারের সিদ্ধান্তও হয়। ওসব সিদ্ধান্তের পর শ্রমিকনেতারা ২৩ সেপ্টেম্বর আহূত দেশব্যাপী পরিবহন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত (পূর্ণ স্থগিত নয়!) করেন।
এরপরই জানা গেল ৩০২ ধারায় দায়ের করা পাঁচটি হত্যা মামলা ৩০৪ (খ) ধারায় স্থানান্তরের উদ্যোগ নিচ্ছে। অভিযোগপত্র দায়েরের পরে মৃত্যুদণ্ডযোগ্য মামলা রূপ নিচ্ছে তিন বছর কারাদণ্ডযোগ্য মামলায়। এর আসামিরা সবাই নৌ মন্ত্রীর স্নেহভাজন বাস-ট্রাকের চালক ও হেলপার। এই অভাবনীয় সিদ্ধান্ত আইন-আদালত বিরুদ্ধ। কিন্তু মন্ত্রীদের মনপছন্দ। রায় না দেওয়া পর্যন্ত আদালত যেকোনো সময় অভিযোগপত্র পরিবর্তন বা সংযোজন করতে পারেন। মামলার ধারাও তারা অদল-বদল করতে পারেন। তবে প্রতিটি পরিবর্তন বা সংযোজন আসামিকে পড়ে শোনাতে এবং বোঝাতে হবে। এরকম পর্যায়ে এসে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাক গলানোর কোনো সুযোগ নেই। চাইলে মামলাগুলো তুলে নিতে আবেদন করতে পারে। অর্থাৎ পুরো বিষয়টি এখানে বিচারিক, কোনোভাবে নির্বাহী নয়। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনিভাবে মামলার ধারা বদলানোর উদ্যোগ নিচ্ছে। এরমধ্যে আবার সরাসরি পিটিয়ে হত্যা, ট্রাক থেকে ফেলে সার্জেন্ট হত্যার মামলাও আছে।
এই আত্মঘাতী উদ্যোগ নিঃসন্দেহে চালকদের দুর্ঘটনা সংঘটনে উসকানি দেবে। আরও বেপরোয়া যান চালনায় উৎসাহ দেবে। কেউ খুন করলে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। সঙ্গে জরিমানা। দুর্ঘটনার মামলাগুলো সাধারণত দণ্ডবিধির ৩০৪ (ক) ও ৩০৪ (খ) ধারায় হয়।
৩০৪ (ক) ধারামতে, বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কাজ দ্বারা মৃত্যু ঘটানোর (যা ‘অপরাধজনক নরহত্যা’ নয়) সর্বোচ্চ সাজা পাঁচ বছর। ‘বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কাজ’ হলো ওই কাজ, যা কোনো মৃত্যুর প্রত্যক্ষ কারণ। সেখানে অন্য কোনো কাজ বা কর্মচ্যুতি নেই। থাকলেও তা মৃত্যুর দূরবর্তী কারণ। মৃত্যুটা এখানে অভিযুক্তের বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণ কাজের সরাসরি ফল। যেখানে আর কারও অবহেলা নেই (১৯৪২ এএলএল, ৩২৮)। আর ৩০৪ (খ) ধারা জানাচ্ছে, বেপরোয়াভাবে বা তাচ্ছিল্যের সঙ্গে জনপথে যান বা অশ্ব চালিয়ে কারও মৃত্যু ঘটালে, যা কিনা ‘অপরাধজনক নরহত্যা’ নয়, তাকে তিন বছর বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
‘অপরাধজনক নরহত্যা’ শব্দটা এখানে ব্যাখ্যার দাবিদার। মৃত্যু ঘটানোর ইচ্ছায় বা মৃত্যু ঘটাতে পারে এ রকম দৈহিক জখমের ইচ্ছায় বা মৃত্যুর আশঙ্কা আছে জেনেও এমন কোনো কর্ম দ্বারা কারও মৃত্যু ঘটানোকে ‘অপরাধজনক নরহত্যা’ বলে (২৯৯ ধারা, দণ্ডবিধি)। ওই নরহত্যা আবার দুই প্রকার: ‘খুন’ ও ‘খুন নয়’। যে নরহত্যা সচেতন, সুপরিকল্পিত, স্বেচ্ছাকৃত, নৃশংস; যেখানে মৃত্যুর আশঙ্কা অনেকটা সুনিশ্চিত; তা খুন। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড (৩০২ ধারা)। আর যে নরহত্যাটা আকস্মিক, হঠাৎ উত্তেজনা বা প্ররোচনাপ্রসূত; যেখানে মৃত্যুটা সুনিশ্চিত নয়—হতেও পারে আবার নাও হতে পারে, তবে তা ‘খুন নয়’। তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড (৩০৪ ধারা)।
দুর্ঘটনার মামলা সাধারণভাবে ৩০৪ (ক) বা ৩০৪ (খ) ধারায় বিচার্য হলেও, তার অর্থ এই নয় যে অবিবেচনাপ্রসূত কিংবা অজুহাতহীন হত্যামাত্রই এই ধারায় শাস্তিযোগ্য। কোনো বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কাজে ‘অপরাধজনক নরহত্যা’র গুণাগুণ থাকলে কিংবা জেনেশুনে বা ইচ্ছাকৃতভাবে কারও মৃত্যু ঘটানো হলে, তা অবশ্যই দুই প্রকার ‘অপরাধজনক নরহত্যা’র যেকোনো এক প্রকারের আওতাভুক্ত হতে পারে (পিএলডি ১৯৫৯, লাহোর ৭৬০)। তা ছাড়া কেবল গাড়ির গতিরোধকের ওপর নির্ভর করে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কেউ কোনো কাজ করলে, তাকে ৩০৪ ধারার আওতায় আনা যাবে (১৯৪৫ এএলএল ১৬)।
উচ্চ আদালতের এসব সিদ্ধান্ত থেকে পরিষ্কার, অপরাধের ধরন বিবেচনায় দুর্ঘটনার মামলা কখনো ‘খুন’, কখনো ‘খুন নয়’ এ রকম ‘অপরাধজনক নরহত্যা’ হিসেবেও গণ্য হতে পারে, যা ৩০২ বা ৩০৪ ধারায় বিচার্য। লক্ষণীয় হলো, মামলা স্থানান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপরিউক্ত চার ধারার মধ্যে সবচেয়ে কম সাজার ধারাটিই বেছে নিয়েছে। ভোট সামনে রেখে সরকার পরিবহন শ্রমিকদের ভেট দিয়েছে। এর বিরুদ্ধে জনস্বার্থে রিট দায়ের সময়ের দাবি।
আফতাব উদ্দিন ছিদ্দিকী: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
[email protected]