সরকারের অর্থ, মানে জনগণের টাকা কতভাবেই না অপচয় হয়। সম্ভবত এ দেশে অপচয়ের জন্য টাকা মেলে, কিন্তু কাজের জন্য তেমনটা নয়। তা না হলে মূলধনের অভাবে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপ ও নোটবুকের উৎপাদন ও বিপণন কার্যক্রম আটকে যেত না। অথচ স্বল্প দামের এই ল্যাপটপ ও নোটবুক বাজারে আসার পর দেশের ক্রেতারা যথেষ্ট আগ্রহ দেখিয়েছিলেন। এখন মূলধনের কারণে যদি সম্ভাবনাময় এই প্রকল্প মুখ থুবড়ে পড়ে, তা হবে খুবই দুর্ভাগ্যজনক।
কোনো পণ্য যদি দামে সাশ্রয়ী হয় এবং বাজারে এর চাহিদা থাকে, তবে বাণিজ্যিকভাবে তা লাভজনক হওয়ার কথা। এই বিবেচনায় দোয়েল ল্যাপটপ ও নোটবুক বাণিজ্যিকভাবে যথেষ্ট সম্ভাবনাময় হিসেবেই শুরুতে বিবেচিত হয়েছিল। অথচ দেশি এই ব্র্যান্ড সম্পর্কে এখন ক্রেতাদের অনেকেই অন্ধকারে রয়েছেন। কারণ প্রচার নেই। দোয়েলের উৎপাদক প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বক্তব্য হচ্ছে, যথাযথ প্রচারণায় যাওয়া যাচ্ছে না মূলধনের সমস্যার কারণে। অর্থাৎ চাহিদা পণ্যের জোগান দেওয়ার জন্য যে মূলধনের প্রয়োজন, তা প্রতিষ্ঠানটির নেই।
দুই বছর আগে এই প্রকল্প হাতে নেওয়ার পেছনে সুনির্দিষ্ট লক্ষ্য কাজ করেছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ বাস্তবায়নে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় এই ল্যাপটপ উৎপাদনের উদ্যোগ নেয়। প্রাথমিক পর্যায়ে তখন এ জন্য ১৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। এটা এখন স্পষ্ট যে উদ্যোগটি শুভ হলেও যে দূরদৃষ্টি নিয়ে এ ধরনের প্রকল্প হাতে নেওয়া উচিত ছিল, সেই দূরদৃষ্টি উদ্যোক্তাদের ছিল না। প্রকল্পটি নিয়ে যথাযথ পরিকল্পনা থাকলে এর মূলধন নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো যেত। বাজারে যে পণ্যের চাহিদা আছে, সেই পণ্যের মূলধন ঘাটতি হওয়ার কোনো কারণ নেই।
এই অবস্থায় সম্ভাবনাময় প্রকল্পটির সম্ভাবনা নষ্ট করার সুযোগ নেই। নতুন অর্থায়ন যেহেতু এই প্রকল্পকে সামনে নিয়ে যেতে পারে, তাই সরকারের উচিত হবে মূলধন জোগানোর জন্য এগিয়ে আসা। এ ব্যাপারে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।