আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে একটি ‘নির্বাচনকালীন সরকার’ গঠনের প্রক্রিয়া। এই নতুন মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের বাইরেও রয়েছেন জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির নেতারা। এটা স্পষ্ট, নির্বাচন সামনে রেখে একটি ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা গঠনের চেষ্টা থেকেই এই মন্ত্রীরা শপথ নিয়েছেন। কিন্তু নির্বাচনকালীন এই সরকারকে শেষ পর্যন্ত কতটা সর্বদলীয় ও গ্রহণযোগ্য করা যাবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন।
ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি মন্ত্রীদের এই শপথ গ্রহণের আগে গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। সেটা বিবেচনায় নিলে মহাজোটের বাইরে একমাত্র জাতীয় পার্টি নির্বাচনকালীন মন্ত্রিসভায় যুক্ত হলো। নির্বাচনকালীন মন্ত্রিসভাকে সর্বদলীয় রূপ দিতে হলে সরকারের আরও অনেক কিছু করার আছে। বড় বিষয় হচ্ছে—শেষ পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপি এই মন্ত্রিসভায় যোগ দেবে কি না, নির্বাচনে আসবে কি না।
এটা মানতেই হবে যে একটি গ্রহণযোগ্য সর্বদলীয় মন্ত্রিসভার উদ্যোগ তখনই পূর্ণতা পাবে, যদি প্রধান বিরোধী দল এই প্রক্রিয়ায় যুক্ত হয়। সেই সময় নিশ্চয়ই এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগিয়েছে, তাতে বিএনপি এ ধরনের একটি সরকারে যুক্ত হবে—এমন কোনো লক্ষণই দৃশ্যমান নয়।
নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতায় আসার ব্যাপারে দুই পক্ষের মধ্যে যে সংলাপ ও সমঝোতা প্রত্যাশিত ছিল, তা হয়নি। বরং দুর্ভাগ্যজনকভাবে দুই পক্ষের মধ্যে একটি কঠোর অবস্থান গ্রহণের প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। বিরোধী দল যেমন একটি অনড় অবস্থান নিয়ে বসে আছে, তেমনি সরকারও বিরোধী দলের প্রতি কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে। বিরোধী দলের অনেক নেতাই এখন জেলে, এমনকি কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে রিমান্ডে নেওয়ারও চেষ্টা ছিল। সরকারের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই আলোচনা বা সমঝোতার জন্য সহায়ক হতে পারে না। নির্বাচনকালীন একটি ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা গঠনের উদ্যোগ সরকার কার্যত একতরফাভাবেই নিয়েছে। সরকারের এই নিজের মতো এগিয়ে চলার নীতি সামনে সমঝোতার পথকেও রুদ্ধ করে দিচ্ছে না তো?
মহাজোট ছেড়ে সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল প্রধান বিরোধী দল বিএনপিকেও এই সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপিকে ‘সর্বদলীয়’ সরকারে যুক্ত করার কাজটি এরশাদের এ ধরনের আহ্বানের মধ্য দিয়ে কোনোভাবেই পূরণ হবে না। সরকারি দল আওয়ামী লীগকেই এ ব্যাপারে উদ্যোগী হয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু নির্বাচনকালীন সরকারের আকার-আয়তনের বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। কিন্তু নতুন যাঁরা মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন, তাঁদের ওপরও এখন এই মন্ত্রিসভাকে প্রকৃত অর্থেই সর্বদলীয় করার দায়িত্ব ও চ্যালেঞ্জ বর্তেছে। নতুন মন্ত্রীরা সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।