'ফরমালিনমুক্ত' বাজারেও ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার মোহাম্মদপুর টাউন হল বাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফরমালিন মেশানো প্রায় চার মণ মাছ আটক করেন৷ তা ছাড়া আম-লিচু-জামরুলে মাত্রাতিরিক্ত ফরমালিন পাওয়া গেছে৷ অথচ গত বছর তৎকালীন বাণিজ্যমন্ত্রী, স্থানীয় সাংসদসহ এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা রাজধানীর এই অন্যতম বড় বাজারটিকে ফরমালিনমুক্ত বলে ঘোষণা দিয়েছিলেন৷ নাগরিকেরাও ভেবেছেন নিরাপদ৷ তাই বেশি দাম দিয়ে খাদ্যদ্রব্য কিনতেন৷ কিন্তু রোববারের অভিযানে দেখা গেল, সেখানে মাছের ব্যাপারীরা শুধু ফরমালিনই নয়, রংও মেশান, মাছ যাতে টাটকা দেখায়৷
ঢাকার কারওয়ান বাজার, মালিবাগ বাজার, ঠাটারীবাজারসহ আরও অনেক বাজারকে ফরমালিনমুক্ত বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল৷ এখন সেখানে কী অবস্থা? এ বিষয়ে খাদ্য-মাননিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি শ্বেতপত্র প্রকাশ করা উিচত৷ যদি তারা নিশ্চিত না হতে পারে, তাহলে আগের ঘোষণা প্রত্যাহার করে ক্রেতাদের জানিয়ে দেওয়া হোক যে মানুষের স্বাস্থ্যঝুঁকি রোধে কিছু করার সাধ্য সরকারের নেই৷ মানুষ তাহলে অন্তত জেনেশুনে বিষ পান করবে!
পুলিশ এই অপরাধীদের মাত্র ১০-২০ হাজার টাকা জরিমানা করেই ছেড়ে দিচ্ছে৷ অথচ মাছ-ফলমূলে ফরমালিন লাগানোর ব্যবসায় তারা অন্তত এর ১০-১৫ গুণ লাভ করতে পারে৷ তাহলে ফরমালিন বন্ধ হবে কেন? অপরাধীদের শাস্তির মাত্রা এমন করতে হবে যেন তারা ভবিষ্যতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়৷ দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এসব মামুলি অভিযানে সুফল পাওয়া যাবে না৷
ফরমালিন শনাক্ত করার জন্য যেসব দামি মেশিন বাজারে বসানো হয়েছে, সেগুলো দিয়ে একটি মাছ পরীক্ষা করতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে৷ ক্রেতারা জনে জনে এ যন্ত্র দিয়ে পরীক্ষা করতে পারেন না৷ সুতরাং লিটমাস টেস্টের মতো এমন কোনো ব্যবস্থা দরকার, যার মাধ্যমে ক্রেতারা চট করে নিজেরাই পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন৷ দেশের বিজ্ঞানাগারে এ নিয়ে গবেষণার জন্য সরকারের জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া উচিত৷
তবে ফরমালিন আমদানি, বিক্রি, ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে যেসব আইন ও বিধিমালা করা হয়েছে, তার সঠিক বাস্তবায়ন দরকার৷ তাহলে এই অপরাধ দমন অনেকটা সহজ হবে৷