চাকরির শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা সনদ দেখাতে পারলেই আরও এক বছর বেশি চাকরি করা যাবে—এই লোভে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সনদ নেওয়ার হিড়িক লেগেছে বলে একটি বিশদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে বুধবারের প্রথম আলোর প্রথম পাতায়। অন্তত চারজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন সাবেক সচিব এই তালিকায় রয়েছেন। এ ছাড়া গত পাঁচ বছরে, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পুরো মেয়াদে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। এটা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ জনপ্রশাসনের মধ্যেই। বিশেষত অবসরের মুহূর্তে এসে মুক্তিযোদ্ধার সনদ নেওয়াকে তাঁরা অনৈতিক বলে মন্তব্য করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এ প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে আলাপকালে যথার্থই প্রশ্ন তুলেছেন: চাকরিজীবনের শেষ সময়ে এসে এই কর্মকর্তাদের কেন মনে পড়ল যে তাঁরা মুক্তিযোদ্ধা ছিলেন?
বিষয়টি সন্দেহজনক তো বটেই, দৃষ্টিকটুও। নিয়মের দিক থেকে এসব ‘মুক্তিযোদ্ধা সনদ’ কতটা বৈধ, তা নিয়েও প্রশ্ন তোলা যায়। কারণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বলা রয়েছে, কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা হলে, তিনি যখন চাকরিতে যোগ দেবেন, তখনই তা জানাতে হবে। পরে জানালে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না। তাহলে যেসব কর্মকর্তা অবসর গ্রহণের বয়সে পৌঁছার সময়ে এসে ‘মুক্তিযোদ্ধা সনদ’ গ্রহণ করেছেন, তাঁদের সনদগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ। এগুলো যাচাই-বাছাই করে দেখা দরকার, কেন তাঁরা আগে ঘোষণা করেননি যে তাঁরা মুক্তিযোদ্ধা ছিলেন। সর্বোপরি তাঁরা আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন কি না সেটাই খতিয়ে দেখা প্রয়োজন। ভুয়া সনদ নেওয়া ও দেওয়ার প্রক্রিয়াটি স্থায়ীভাবে বন্ধ করা উচিত। এভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদানকে খাটো করা, সর্বোপরি মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমাননা ঘটানো গর্হিত অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত।
মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এর সঙ্গে গোটা জাতির গভীর আবেগ জড়ানো রয়েছে; মুক্তিযোদ্ধাদের আবেগ গভীরতম। সুতরাং ‘মুক্তিযোদ্ধা সনদ’ বণ্টনে যখন অনৈতিকতার চর্চা চলে, তখন ভীষণ আঘাত করা হয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের মনে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত। কম তো হলো না; মুক্তিযুদ্ধের পর পেরিয়ে গেছে চার দশকের বেশি সময়।