দ্য ডেইলি স্টার পত্রিকায় ছাপা গত মঙ্গলবারের শীর্ষ ছবিটি ঢাকার ট্রাফিক পুলিশের অসহায় অবস্থার আসল দশাটিকে তুলে ধরেছে। পুরানা পল্টন এলাকায় রাস্তার মাঝে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। ছবিতে সব ধরনের যানবাহনই আছে—বাস, মাইক্রোবাস, প্রাইভেট গাড়ি, পুলিশের গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা এমনকি মাঝ রাস্তায় পথচারীও। ট্রাফিক হাত উঁচু করে আছেন ঠিকই, কিন্তু সবাই চলছেন সবার মতো! বিশৃঙ্খলার চূড়ান্ত।
শুধু পুরানা পল্টন নয়, পুরো ঢাকার একই দশা। ট্রাফিক আইন, নিয়মকানুন বলে কিছুই আর এখন ঢাকায় টিকে নেই। ট্রাফিক পুলিশ কেন এত অসহায় হয়ে পড়ল? কেউ কেন তাদের কথা শোনে না, মানে না? আইন না মানলে তো ব্যবস্থা নেওয়ার কথা, সেটাও তো দেখি ট্রাফিক পুলিশ করতে পারে না। ঢাকার ট্রাফিক-ব্যবস্থা নিয়ে পত্রিকাটির প্রতিবেদনের উপশিরোনামটি বাংলা করলে অর্থ দাঁড়ায় এ রকম: অগুনতি যানবাহন নিয়ন্ত্রণ করাকে ট্রাফিক পুলিশ অসম্ভব মনে করছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি কি হঠাৎ করেই হলো, নাকি দিনে দিনে?
ঢাকার হেয়ার রোড বা মিন্টো রোড এলাকায় যে গাড়িগুলো সবচেয়ে বেশি আইন ভাঙে, রং সাইড দিয়ে যায়, সেগুলো কি কেউ খেয়াল করেছেন? মূলত পুলিশের গাড়ি। এ ছাড়া আছে এমন ব্যক্তিদের গাড়ি, যাঁদের গাড়িতে রাষ্ট্র পতাকা ওড়ানোর অধিকার দিয়েছে। এই ব্যক্তিরা যখন গাড়িতে থাকেন না, তখন পতাকাদণ্ডটি একটি কাভার দিয়ে ঢাকা থাকে। কিন্তু তাঁরা যখন গাড়িতে থাকেন, পতাকা যখন পতপত করে বাতাসে উড়তে থাকে, তখনো গাড়িগুলো রং সাইড দিয়ে যায়। সাংসদ যাঁরা, তাঁদের গাড়িতে ‘সংসদ সদস্য’ লেখা চাকতি লাগানো থাকে, সেই আইনপ্রণেতাদের গাড়িও রং সাইড দিয়ে চলে। যাঁদের আইন প্রয়োগ করার কথা, তাঁরাও আইন ভাঙেন; যাঁরা আইন তৈরি করেন, তাঁরাও ভাঙেন। বাকি থাকল জনগণ। তাঁরা আইন মেনে গাড়ি চালাবেন কেন! পরিস্থিতি যদি এই হয়, তবে যানবাহন নিয়ন্ত্রণ তো ‘অসম্ভব’ মনে হবেই।
গত সোমবার সন্ধ্যার ঘটনা, সংসদ ভবনের দিক থেকে ফার্মগেটে আসার রাস্তাটিতে সড়ক বিভাজক আছে। বাঁ দিকেরটি বিজয় সরণির দিকে যাওয়ার জন্য আর ডান দিকেরটি কারওয়ান বাজারের দিকে যাওয়ার জন্য। কিন্তু দেশে যে এখন আইন না মানা আর রং সাইডে চলার উৎসব চলছে! বাঁ দিক দিয়ে এসেছে যে গাড়িগুলো সেগুলো কারওয়ান বাজারের দিকে যাবে। উল্টো পথে গাড়িগুলো এসে এক মহা জ্যাম তৈরি করেছে। এক সার্জেন্টকে দেখলাম, সেই গাড়িগুলোকে যাওয়ার পথ করে দিচ্ছেন। গাড়িগুলোর আকার বা ধরন বলে দিচ্ছে যে এগুলো সরকারি গাড়ি, কর্তাদের গাড়ি। সার্জেন্ট কী ব্যবস্থা নেবেন এই গাড়িগুলোর বিরুদ্ধে!
এসব নিয়ে যখন বিরক্ত, তখনই দেখি এক বন্ধু সাংবাদিক এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। গতকাল বুধবার তিনি তাঁর স্ট্যাটাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি এভাবে রং সাইড দিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর আক্ষেপ, এ ধরনের গাড়িগুলো যে রং সাইড দিয়ে যায়, সেগুলোর ছবি বা এ নিয়ে কোনো প্রতিবেদন কেন পত্রপত্রিকাগুলোয় গুরুত্ব দিয়ে ছাপা হয় না। তিনি আরও লিখেছেন, গণমাধ্যমের দায়িত্ব ‘পাবলিক ইন্টারেস্ট’ দেখা, কারও স্বার্থ নয়। তাঁর এই ফেসবুক স্ট্যাটাসের নিচে যে মন্তব্য করেছিলাম, তা পাঠকদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।
তাঁর সঙ্গে শতভাগ একমত হয়ে লিখেছি: ‘কিন্তু এই গাড়িগুলো ছাড়া যেগুলো “রং সাইড” দিয়ে সবচেয়ে বেশি চলে, তা হচ্ছে “সাংবাদিক” ও “সংবাদপত্র” লেখা বা বিভিন্ন টিভি চ্যানেলের গাড়িগুলো। সাংবাদিকদের জন্য কি কোনো আইন নেই? বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে টিভি চ্যানেলগুলোর গাড়ি নিজ নিজ অফিসের সামনের রাস্তায় যেভাবে পার্ক করে রাখা হয়, তাতে এটা মনে হওয়া স্বাভাবিক যে রাস্তাটি তাদেরই। এভাবে গাড়ি রাখতে হলে তো সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নেওয়া উচিত। অনেক সাংবাদিক তো মোটরবাইকের নম্বরও নেন না। নাম্বার প্লেটে লেখা থাকে শুধু “সাংবাদিক”। ব্যস, তাঁর সাত খুন মাফ! কোনো গণমাধ্যমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি তাদের কর্মীদের কখনো এ ধরনের আইন না ভাঙা এবং আইন মানার ব্যাপারে সতর্ক করে দিয়েছে? আমরা আগে যদি এগুলো বন্ধ করতে পারি, তারপর মনে হয় এ ধরনের “পাবলিক ইন্টারেস্ট” দেখাটা আমাদের জন্য জায়েজ হবে।’
রং সাইড দিয়ে গাড়ি চালানো কোনো অনিচ্ছাকৃত দুর্ঘটনা বা ভুল নয়, সচেতনভাবে আইন ভাঙা। আগে এক লেখায় বলেছিলাম, এটা একধরনের ‘প্রকাশ্য অসভ্যতা’। আমরা সবাই এখন তা-ই করছি। আমরা সবাই মিলে রং সাইডের মহোৎসব করছি!
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]