কয়েক দিন আগে রংপুরে বিবিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, বিএনপির সাবেক উপমন্ত্রী ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, জাতীয় পার্টির রংপুর জেলা সভাপতি মসিউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজনীতির প্রধান প্রধান বিষয় নিয়ে সেদিন যে আলোচনা হয়েছিল, তা মূলত জাতীয় রাজনীতির প্র্রতিচ্ছবি। আওয়ামী লীগের নেতার কণ্ঠে জনগণের চেয়ে সংবিধান গুরুত্বপূর্ণ, বিএনপির কণ্ঠে হেফাজতি দরদ এবং তত্ত্বাবধায়কের দাবি আর জাতীয় পার্টির নেতা দিচ্ছিলেন এরশাদের সকাল-বিকেল বদলে যাওয়ার গোপন সূত্র। এ আলোচনায় জাতীয় পার্টির মসিউর রহমান নিজেদের সম্পর্কে বলছিলেন, ‘আমরা রাজা নই, রাজা বানাই।’ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন একনায়কতন্ত্রের ক্ষমতায় আসীন ছিলেন। এখন আর তাঁদের রাজা হওয়ার স্বপ্ন দেখার মতো দুঃসাহস নেই। এখন তাঁরা রাজা বানানোর খোয়াব দেখেন। তাঁদের এই খোয়াব হয়তো অমূলক নয়। জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা দিনের পর দিন নিম্নগামী হলেও জাতীয় রাজনীতিতে তার গুরুত্ব এখনো অনেক। জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুর। ক্ষমতায় থাকা এরশাদ চরমভাবে নিন্দিত ছিলেন। নিজ জেলায় একটি জনসভা করার মতো অবস্থা তখন তাঁর ছিল না। কিন্তু ক্ষমতাচ্যুত কারাবাসী এরশাদ পরমভাবে নন্দিত হলেন। তাঁর গ্রহণযোগ্যতার এই ইউটার্ন এখনো রহস্যপূর্ণ। এরশাদ রংপুরের জন্য উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেননি। তার পরও রংপুরের সাধারণ মানুষের কাছে তিনি ‘হামার ঘরের ছাওয়া এরশাদ’।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন নির্বাচনে কার সঙ্গে জোট বাঁধবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামগ্রিক রাজনীতির সঙ্গে রংপুরের রাজনীতি অনেকটাই আলাদা। এ কথায় তো কারও দ্বিমত নেই যে আমাদের দেশে কোনো দলেরই প্রকৃত অর্থে জনপ্রিয়তা বাড়েনি; বরং ক্ষমতাসীন দলের প্রতি অনাস্থাজনিত কারণে নির্ভরযোগ্য দল নেই বলে বিএনপির প্রতি সমর্থন বেড়েছে। বিএনপি ও আওয়ামী লীগের শাসনামল পর্যালোচনা করলে বিএনপি এমন কোনো ভালো কাজ করেনি, যার জন্য শ্রদ্ধাশীল হয়ে তাদের কাছে মানুষ ফিরছে।
রংপুরের কথা বিবেচনা করলে সেই বাস্তবতা কিছুটা অন্য রকম। যখন বিএনপি দেশ শাসন করেছে, তখনো রংপুরের মানুষ এরশাদমুখী ছিল, যখন আওয়ামী লীগ দেশ শাসন করেছে, তখনো এখানকার জনগণ এরশাদমুখী। বর্তমানে মহাজোটে থেকে সরকারের অংশ। রংপুরের মানুষ যুক্তি দিয়ে এরশাদকে বরণ করেনি, করেছে আবেগ দিয়ে। রংপুর সদর আসনে রওশন এরশাদ চলতি মেয়াদে উন্নয়ন নিয়ে এক দিনের জন্যও আসেননি। তবু এখানকার মানুষ অনেকেই জাতীয় পার্টিকেই সমর্থন দেবে। আগের মতো অবস্থা যদিও তাঁর আর নেই। জাতীয় পার্টি যদি একক নির্বাচনে যায়, তাহলে ভরাডুবি অনিবার্য। কিন্তু ভোট গণনায় সামগ্রিকভাবে তিনি অনেক এগিয়ে থাকবেন রংপুর বিভাগে। কারণ, সব আসনেই জাতীয় পার্টির অনেক সমর্থক আছে। প্রথম আলোর জরিপে ৭ শতাংশ জনসমর্থন জাতীয় পার্টির আছে বলে জানা গেছে। সেই জরিপ যদি শুধু রংপুরের হিসাব করে বলা যায়, তাহলে এখনো রংপুরে ভোটসংখ্যায় জাতীয় পার্টি এগিয়ে থাকবে। রংপুরে জাতীয় পার্টির পরেই আওয়ামী লীগের অবস্থান।
উন্নয়ন করে ভোট পাওয়া যায় না—বর্তমানে এই কথাটি বেশ প্রচলিত। পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের পর থেকে এমনটি মনে করা হচ্ছে। বস্তুত রংপুরের জন্য এ কথা চলে না। কারণ, রংপুর অঞ্চলে বিএনপি কোনো কাজই করেনি; শুধু তা-ই নয়, বঞ্চিত করেছে। কয়েক দিন আগে বিএনপির সভানেত্রী খালেদা জিয়া রংপুরের বিশাল জনসভায় এসে বলেছেন যে তিনি এখানে ভোট চাইতে আসেননি, এসেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করতে। ভোট চাইতে হলে যে রংপুরের মানুষের জন্য কিছু করার প্রয়োজন ছিল, তার কিছুই তিনি উল্লেখ করতে পারেননি। দুই দফায় যখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন রংপুরে ছিল জাতীয় পার্টির দোর্দণ্ড প্রতাপ। রংপুরের প্রতি বিমাতাসুলভ আচরণ করার কারণে বিএনপির প্রতি জনসমর্থন তৈরি হয়নি। রাজনৈতিক দূরদর্শিতা না থাকার কারণে বিএনপি রংপুরে জাতীয় পার্টি থেকে বিমুখ হওয়া জনসমর্থন নিজেদের দিকে টানতে অনেকটাই ব্যর্থ হয়েছে। কয়েক দিন আগের উল্লিখিত জনসভায় খালেদা জিয়া একটি মাত্র উন্নয়নমূলক কাজের উদ্যোগের কথা উল্লেখ করেছেন, যেটি সত্য নয়। রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। চারদলীয় জোট ক্ষমতায় আসার পর সেই বিশ্ববিদ্যালয় প্রকল্প আর রংপুরে বাস্তবায়ন করা হয়নি। সেই বিশ্ববিদ্যালয়টি নিয়ে গেছে নোয়াখালীতে। খালেদা জিয়া ঘটনাকে উল্টিয়ে নিজেদের কথা বলেছেন, তাঁরাই নাকি এই বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন, আওয়ামী লীগ হতে দেয়নি। ভবিষ্যতে কখনো ক্ষমতায় এলে বিএনপিকে অবশ্যই এ কথা মনে রাখতে হবে যে এরশাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া জনসমর্থন পেতে হলে রংপুরের জন্য কিছু উন্নয়ন অবশ্যই করতে হবে।
বিএনপির তুলনায় আওয়ামী লীগ রংপুরে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। যখন এককভাবে ক্ষমতায় ছিল তখনো যেমন করেছে, মহাজোটে থেকে নির্বাচিত হয়েও অনেক কাজ করেছে। রংপুর বিভাগ, সিটি করপোরেশন, তিস্তা সেতু, ধরলা সেতুসহ আরও অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছে। আরও অনেকগুলো কাজ চলছে। জাতীয় পার্টি যদি রংপুরের মানুষের কাছে সমর্থন আদায় করতে চায়, তাহলে তার জন্য সুবিধা আওয়ামী লীগের সঙ্গে থাকা। মহাজোটের আমলে রংপুরের উন্নয়নে জাতীয় পার্টিরও অংশীদারি আছে। আওয়ামী লীগ যদি আসন্ন নির্বাচনে পরাজিত হয় এবং এরশাদ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকে, তাহলেও অনেক লাভবান হবে। কারণ, এরশাদ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকে, তাহলে বিএনপি জোটের বহর যত বড় করুক না কেন, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সে ক্ষেত্রে জাতীয় পার্টি রাজা বানানোর দর-কষাকষিতে অনেক এগিয়ে থাকতে পারবে। আর যদি বিএনপির সঙ্গে জোট বাঁধে, তাহলে একদিকে যেমন আসনসংখ্যা কম পাবে, অন্যদিকে রাজা বানানোর প্রক্রিয়ায় মুখ্য হতে পারবে না। আর এককভাবে জাতীয় পার্টির নির্বাচন করা হবে চরম ভুল সিদ্ধান্ত। তাহলে রাজা হওয়া কিংবা রাজা বানানো—উভয় চেষ্টাই ভেস্তে যাবে। আম ও ছালা—উভয়টিই হারানোর আশঙ্কা তাতে প্রবল।
তুহিন ওয়াদুদ, শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
[email protected]