'সংখ্যালঘু' কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমত আমি বলব, ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করবেন না দয়া করে। এটা বড়ই অপমানকর ও লজ্জাকর। কেননা, ‘সংখ্যালঘু’ শব্দটির মধ্য দিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে একটি অঘোষিত বিভেদ, অপ্রীতিকর বৈষম্য; যা কখনো গ্রহণযোগ্য নয়। আমি শুধু একটি পরিচয় জানি, আমরা ‘বাংলাদেশি’। ‘বাংলাদেশ’ আমাদের জন্মভূমি। আমাদের জাতীয় পরিচয়পত্রও প্রতিটি মুহূর্তে সেটাই বলে। এ দেশে জন্মেছি বলে প্রতিটি মুহূর্তে আমি গর্ব প্রকাশ করি। কেননা, এই দেশকে খুব বেশি ভালোবাসি।
প্রতিবছর দেখা যায়, নির্বাচনী মুহূর্তে কিংবা নির্বাচন-পরবর্তী কিংবা নানা সময়ে কখনো বিদ্বেষবশত, কখনো প্রতিহিংসার বশবর্তী হয়ে; আবার কখনো বা রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটি সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালানো হয়। অনেক সময় দেখা যায়, এই ‘নির্যাতন’কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় স্বার্থ উদ্ধার করতে।
পত্রিকা খুললে দেখা যায় নানা সময়ে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের নানা কষ্টদায়ক খবর, যা প্রতিটি মুহূর্তে উদ্বেগের সৃষ্টি করে। কথায় আছে, ‘যত দোষ নন্দ ঘোষ’। গণতন্ত্র মানে প্রতিটি মানুষকে তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে দেওয়া। সেই সঙ্গে সুশৃঙ্খল ও সুন্দরভাবে নিজের অভিলাষ ব্যক্ত করার মধ্য দিয়ে শান্তি ও নিরাপত্তার মাঝে বেঁচে থাকা। কিন্তু এ ধরনের বারবার হামলা হিন্দুদের ওপর সত্যি দুঃখজনক। আমাদের উচিত ‘পরোপকার’ ও ‘মানবিক’ বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বদা অন্যের মঙ্গল চিন্তা করা। কারও ওপর হামলা কিংবা বিরোধিতা নয়; নয় কোনো প্রতিহিংসা।
সঞ্জয় কুমার ভৌমিক
আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রীমঙ্গল।