শ্রদ্ধেয় আবুল হায়াতের এসো নীপবনে ‘সখার মৃত্যু’ পড়ে চোখে জল ধরে রাখতে পারিনি। কারণ, আমিও যে তাঁর মতোই সাথিহারা আজ।
আমাদের বাসার সামনে ছিল এক বন্য অরণ্য। একদিন সেখানে সব পরিষ্কার করে করা হলো ‘রবীন্দ্রসরোবর’। আমাদের বারান্দা থেকেই দেখা যায় মঞ্চ। আমার আব্বা সামনের রাস্তার ওপারে পার্কের ভেতর একটা ‘নিমগাছ’ লাগান। কৃষ্ণচূড়া, আমগাছ এবং অন্য নাম না-জানা গাছগুলোর সঙ্গে সখ্য গড়ে সেও বড় হতে থাকে।
আব্বা হঠাৎই এই পৃথিবী ছেড়ে চলে যান। এর পর থেকে আমার প্রতিদিনের সঙ্গী হয়ে যায় নিমগাছ। বারান্দায় দাঁড়ালে মৃদু মাথা নেড়ে যেন কথা বলে।
আমি তিন মাসের জন্য দেশের বাইরে ছিলাম। এসে দেখি কারা, কী কারণে সেই গাছ কেটে দোকান বানানোর পাঁয়তারা করে চালা উঠিয়ে আমার হূদয় রক্তাক্ত করে দিয়েছে।
মানুষ খুন হলে মানুষই তার বিচার করে, তবে কেন পায় না বিচার নিহত নিমগাছ, কদমগাছ।
খুরশিদা মাহবুব, ধানমন্ডি, ঢাকা।