গত ৩১ আগস্ট প্রথম আলোয় আসাদ উল্লাহ খানের লেখায় বাংলাদেশ-ভারত যৌথ অংশীদারত্বে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় প্রস্তাবিত খুলনা এক হাজার ৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি।
অন্যান্য জ্বালানি উৎসের সীমাবদ্ধতার কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় ৭৮%, দক্ষিণ আফ্রিকায় ৯৩%, চীনে ৭৯%, জার্মানিতে ৪১%, ভারতে ৬৮% এবং যুক্তরাষ্ট্রে ৪৯% বিদ্যুৎ কয়লা থেকে উৎপাদিত হচ্ছে।
বাংলাদেশে গ্যাসের অভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাচ্ছে না এবং বর্তমান মজুত গ্যাস ১০-১২ বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে কয়লার বিকল্প নেই। ডিজেল, ফার্নেস তেল ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হলে ইউনিটপ্রতি খরচ হবে প্রায় ২০ টাকা ।
দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের সীমাবদ্ধতা ও জলবিদ্যুতের অনিশ্চয়তার কারণে সরকারকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিকল্প জ্বালানি উৎসের দিকে নজর দিতে হচ্ছে। এই বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদা পূরণে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে (পিএসএমপি) ৫০% বিদ্যুৎ কয়লা থেকে, ২২% প্রাকৃতিক গ্যাস/এলএনজি থেকে এবং ২৮% বিদ্যুৎ অন্যান্য উৎস থেকে সরবরাহের কথা বলা হয়েছে। ভবিষ্যৎ চাহিদা পূরণের বিষয়টি মাথায় রেখে সরকার ইতিমধ্যে প্রাকৃতিক গ্যাসভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কয়লাভিত্তিক বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।
প্রাকৃতিক জীববৈচিত্র্যময় সুন্দরবন নিয়ে বাংলাদেশ সারা বিশ্বে গৌরব করে এবং একে রক্ষা করার জন্য দেশের আপামর জনসাধারণের পাশাপাশি সরকারও দৃঢ়প্রতিজ্ঞ। আলোচ্য কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অবস্থান সুন্দরবনের নিরাপদ দূরত্বে রয়েছে। তা সত্ত্বেও এই প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুন্দরবনের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এবং তা নিরসনে ওই প্রতিবেদনের পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনায় যথোপযুক্ত মিটিগেশন মেজার্স নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনাব খানের লেখায় উল্লেখ করা হয়েছে, নির্মাণকাজ চলার সময় অতিরিক্ত নৌচলাচল এবং ড্রেজিংয়ের সময় মাছের চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি হবে এবং চিংড়ি মাছের প্রজনন বাধা পাবে। এটাকে যদি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, তাহলে পৃথিবীর কোথাও নদী বা বন্দরে, সমুদ্রে কোনো ধরনের ড্রেজিং কাজ করা হতো না। পৃথিবীর অন্য কোথাও যদি মাছের চলাচল বিঘ্ন না হয়, তাহলে বাংলাদেশেও হবে না। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের মান অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র থেকে নিঃসরিত সব ধরনের গ্যাসের গ্রহণযোগ্য মানমাত্রার মধ্যে রেখেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ ও পরিচালনা করা হবে।
লেখায় উল্লেখ করা হয়েছে যে এই প্রকল্পে প্রতিদিন কয়লা ধোঁয়ার জন্য ২৫ হাজার কিউবিক মিটার স্বচ্ছ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করতে হবে, যা একেবারেই সঠিক নয়। প্রকৃতপক্ষে, পশুর নদের লবণাক্ত পানি লবণাক্তমুক্ত করে প্রকল্পের সব ধরনের কাজ সম্পন্ন করা হবে বিধায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার যেমন আশঙ্কা নেই, তেমনি ওই অঞ্চলে সুপেয় পানির ঘাটতিরও কারণ নেই। উল্লেখ্য, পশুর নদে নিয়মিত জোয়ার-ভাটা হয়। আলোচ্য প্রকল্পে শুষ্ক মৌসুমে পশুর নদের সর্বনিম্ন প্রবাহের মাত্র শতকরা শূন্য দশমিক শূন্য ৪ (<০.৫%) লবণাক্ত পানি ব্যবহার করা হবে বিধায় এ কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে না।
এতে আরও বলা হয়েছে, ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যমণ্ডিত এই ‘রামসার সাইট’ এলাকা কেন এতটা অবহেলা ও উপেক্ষার শিকার হচ্ছে। প্রকৃতপক্ষে ইউনেসকো ঘোষিত রামসার সাইট থেকে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের দূরত্ব ৭৫ কিলোমিটার।
প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রে লো অ্যাশ কনটেন্ট কয়লার ব্যবহার করা হবে বিধায় বাতাসে ছাই ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবু বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত ভাসমান ছাইয়ের মাধ্যমে ৯৯ দশমিক ৯৯ ভাগ আহরণ করা হবে।
লেখক উল্লেখ করেছেন, এনটিপিসি ভারতের ছত্তিশগড়ের কুকুরদা তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে শূন্য ডিসচার্জ নীতি অবলম্বন করছে। আলোচ্য রামপাল বিদ্যুৎকেন্দ্রেও শূন্য ডিসচার্জ নীতি অনুসরণ করা হবে এবং এ বিষয়টি ইআইএ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এ প্রকল্পের অধীন সুন্দরবন রক্ষার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হবে।
এটি বিশেষভাবে প্রণিধানযোগ্য যে আলোচ্য প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শুধু দূষণ নিয়ন্ত্রণের জন্য এক হাজার ২৯৩ কোটি টাকা ব্যয় করা হবে। অতএব রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।
সাইফুল হাসান চৌধুরী: পরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।