বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, তার সাফল্য উল্লেখ করার মতো। ফলে, এ ক্ষেত্রে কোনো ধরনের অতিরঞ্জন বা বাড়তি কিছু বলার আদৌ প্রয়োজনীয়তা নেই। বাস্তবতার সঙ্গে মিল নেই, এমন বাড়তি দাবি বরং অর্জনকেই প্রশ্নের মুখে ফেলে। ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দাবি বর্তমানে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে।
১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা অর্জনের দাবি করে সরকার এই সাফল্য উদ্যাপন করেছে। বিদ্যুৎ উৎপাদনে সাফল্যের বিষয়টি সরকার উদ্যাপন করতেই পারে। এ নিয়ে হাতিরঝিলে যে আতশবাজি পোড়ানো হয়েছে, তাতে নগরবাসী আনন্দই পেয়েছে। আমাদের আপত্তির জায়গাটি ‘১০ হাজার মেগাওয়াট’ পরিমাণটি নিয়ে। প্রথম আলোর প্রতিবেদন বলছে, বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে এ বছরের ১২ জুলাই রাত আটটায়।
পরিমাণটি ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট। মোট উৎপাদনক্ষমতা ও সর্বোচ্চ উৎপাদনের মধ্যে ব্যবধান সব সময়েই থাকে। যদি মোট উৎপাদনক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে পৌঁছাত, সে ক্ষেত্রেও এই দাবি যৌক্তিক বলে বিবেচনা করা যেত। কিন্তু হিসাব-নিকাশ করে দেখা যাচ্ছে, ভারত থেকে আমদানি করা ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ এই হিসাবের মধ্যে ধরলেও কোনোভাবেই তা নয় হাজার ৮৮৩ মেগাওয়াটের বেশি নয়। ১০ হাজার মেগাওয়াট বিষয়টি তবে কোথা থেকে এল?
দেশে মোট বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা এখন ৮৪। এর মধ্যে ৫৭টি বিদ্যুৎকেন্দ্রই উৎপাদনে এসেছে বর্তমান সরকারের আমলে। এতে উৎপাদন বেড়েছে চার হাজার ৭৭১ মেগাওয়াট। এই বছরের মধ্যে আরও প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। এটা যথেষ্ট বড় সাফল্য। সত্যিকারের ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সাফল্য উদ্যাপনের জন্য খুব বেশি অপেক্ষার প্রয়োজন পড়ত না। এটার কি আদৌ কোনো দরকার ছিল?