১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৯৭টি উপজেলায় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা আইন মেনে হলফনামা জমা দিলেও খোদ নির্বাচন কমিশনই আইন অমান্যকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তবে শেষ পর্যন্ত কমিশনের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা হলফনামাগুলো গতকাল ওয়েবসাইটে প্রকাশকরেছে। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে এই হলফনামা নিয়ে যে তৎপরতা দেখা গেছে, তাতে মনে হয়েছে যেঅবাধ নির্বাচনের একমাত্র মানদণ্ড আমাদের রাজনীতিক ও ইসির কাছে শুধু ভোট গণনা এবং তার ফলাফল ঘোষণার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। এমনিতেই যোগ্য প্রার্থীর উদ্বেগজনক সংকট রয়েছে; তার ওপর যাঁরা নির্বাচিত হতে আসেন, তাঁদের যোগ্যতা ও সততার বিষয়ে ভোটাররা যাতে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য যথাসময়ে হলফনামার তথ্য জানা ভোটারের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। অথচ ইসি এটা প্রকাশে এবং দুই প্রধান দলের অলিখিত নির্দেশনার ভিত্তিতে টালবাহানা করছে। ইসির এই দাস্য মনোভাব নতুন নয়। দলগুলোর নিরীক্ষিত হিসাবের তথ্যও তারা লুকিয়ে চলেছে। দুই প্রধান দলের মধ্যে যত টানাপোড়েনই থাকুক না কেন, ভোটের আগে হলফনামা প্রকাশ করাকে তারা উটকো বিড়ম্বনা হিসেবে দেখে আসছে।
ইসি যে প্রার্থীদের হলফনামা লুকিয়ে রেখেছিল, খবর প্রকাশের পর গতকাল নিজের অবস্থান বদলের মাধ্যমে তা যেন আরও স্পষ্ট হলো। একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে এ কাজ লজ্জাজনকও বটে। ইসি কেবল প্রচলিত আইন ও রেওয়াজ, যা তারা নিজেরাই ২০০৯ সালে চালু করেছিল, এ ঘটনায় সেটা থেকে সরে আসার মনোভাবেরই প্রকাশ ঘটেছিল। তাদের এই অবস্থান আবু সাফার মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের চেতনার পরিপন্থী।
আমরা আশা করব, ভবিষ্যতে ইসি এমন ছলচাতুরী থেকে নিজেকে মুক্ত রাখবে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মর্যাদাকে তারা কলুষিত করবে না। হলফনামা প্রকাশের পর একজন নির্বাচন কমিশনার এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে যে বক্তব্য দিয়েছেন, তা দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। ওই কমিশনার বলেছেন, প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় যাচাই-বাছাই করতে সময় লেগেছে। আইন অনুসরণ না করার যুক্তি হিসেবে এ বক্তব্য খুবই দুর্বল।
আমরা একই সঙ্গে প্রধান রাজনৈতিক দুটি দল, যারা বিদ্রোহী প্রার্থী মোকাবিলায় গলদঘর্ম, তাদের দৃষ্টিভঙ্গি এবং এ বিষয়েতারা যে নীরবতা দেখিয়েছে, তাকে দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় মনে করি। এর আগে ৫ জানুয়ারির নির্বাচনে হলফনামা প্রকাশ নিয়ে জটিলতা দেখা দিলে বিএনপিকে আমরা নমনীয় থাকতে দেখেছিলাম। এটা আসলে স্বচ্ছতা ও জবাবদিহির বিপরীতে এ দুটি বড় দলের ধারাবাহিক অশুভ আঁতাতের প্রতিফলন। দল দুটিকেই এর অবসান ঘটাতে হবে।