পানি আর পাহাড়ের মধ্যে বন্দীজীবন

চট্টগ্রামে বর্ষা শুধু স্বস্তির বৃষ্টি হয়ে আসে না, সঙ্গে নিয়ে আসে আতঙ্কও। টানা কয়েক দিনের বর্ষণে নগরের সড়ক, ঘরবাড়ি, দোকানপাট ও অফিস ডুবে গেছে পানিতে। কোথাও মানুষ কোমরসমান পানি ঠেলে কাজে যাচ্ছেন, কোথাও দোকানের ভেতরে পানি উঠলেও থেমে নেই জীবিকার সংগ্রাম। এরই মধ্যে পাহাড়ধসে মঙ্গল ও বুধবার চট্টগ্রাম নগরসহ বিভিন্ন এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বারবার সতর্কতা, মাইকিং আর প্রশাসনের আহ্বানের পরও আকবরশাহ, একে খান, আইডব্লিউ পাহাড় ও মুক্তিযোদ্ধা পাহাড়ের পাদদেশে রয়ে গেছেন বহু মানুষ। নিরাপদ আশ্রয়ের অভাব, দারিদ্র্য আর জীবিকার টানে মৃত্যুঝুঁকিকেই যেন সঙ্গী করে বেঁচে আছেন তাঁরা। জলাবদ্ধতা আর পাহাড়ধসের দ্বিমুখী বিপদের এই চিত্রই ধরা পড়েছে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে।

১ / ৯
জলাবদ্ধতায় সড়ক গেছে ডুবে। তাতে আটকে আছে একটি ট্রাক
ছবি: জুয়েল শীল
২ / ৯
ঘরের ভেতরও ঢুকে পড়েছে পানি। ছোট্ট একটি কক্ষে জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে একটি পরিবার
ছবি: জুয়েল শীল
৩ / ৯
প্রয়োজনের তাগিদে হাঁটুপানি মাড়িয়েই চলাচল করছেন নগরবাসী
ছবি: জুয়েল শীল
৪ / ৯
চারদিকে পানি, তবু থেমে নেই জীবন। দোকানের ভেতরে জমে থাকা পানির মধ্যেই দুপুরের খাবার খাচ্ছেন এক ব্যক্তি
ছবি: জুয়েল শীল
৫ / ৯
ঘরে ঢুকে পড়া পানি পাত্রে তুলে বাইরে ফেলছেন একজন। বৃষ্টির সঙ্গে চলছে টিকে থাকার লড়াই
ছবি: জুয়েল শীল
৬ / ৯
মুক্তিযোদ্ধা পাহাড় এলাকায় পাহাড়ধসে নিহত ১৩ বছর বয়সী সামিয়া ইসলামের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ
ছবি: সৌরভ দাশ
৭ / ৯
এই ঘরের ওপর পাহাড় ধসে পড়ে প্রাণ হারায় সামিয়া ইসলাম। মুহূর্তেই ভেঙে যায় একটি পরিবারের স্বপ্ন
ছবি: সৌরভ দাশ
৮ / ৯
প্রাণহানির ঘটনার পরও একে খান পাহাড় এলাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন অনেক মানুষ
ছবি: সৌরভ দাশ
৯ / ৯
পাহাড়ধসের আশঙ্কা রয়েই গেছে। তবু পাহাড়ের পাদদেশ ছেড়ে যাওয়ার সুযোগ বা সামর্থ্য নেই অনেক পরিবারের। ছবিটি একে খান পাহাড় এলাকা থেকে তোলা
ছবি: সৌরভ দাশ