খরায় পুড়ছে খেত, মোকামে সরবরাহ কমেছে
প্রকৃতিতে তীব্র দাবদাহ বইছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকালে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। খরায় পুড়ছে খেত। সেই প্রভাব পড়েছে সবজির মোকামে। বর্ষার এই মৌসুমে মোকামঠাসা সবজি উঠত। খরায় সেই সবজি মাঠে ফলছে না। তাই তো মোকাম ফাঁকা। সব ধরনের সবজির দামও চড়া। কথাগুলো বলছিলেন বগুড়ার কাহালু উপজেলার আখরাইল গ্রামের কৃষক খয়বর আলী। তিনি গত সোমবার সকালে প্রায় ১০ কেজি তরই বিক্রির জন্য এসেছিলেন সবজির মোকাম মহাস্থানে। তিনি আক্ষেপ করে বলেন, মৌসুমের এ সময়ে তাঁর গ্রামের মাঠে প্রায় ৪০ বিঘা জমিতে বিভিন্ন সবজির আবাদ হতো; কিন্তু খরায় সেই আবাদ ১০ বিঘা জমিতে করতে পারেনি গ্রামের কৃষকেরা। তিনি ১০ শতাংশ জমিতে তরইয়ের আবাদ করেছেন। সেখানে এক মণ তরই ওঠার কথা, সেখানে উঠেছে মাত্র ১০ সের। দাম ভালো পেলেও ফলনে পোষাচ্ছে না কৃষকদের।