বর্ষায় সিলেট ভ্রমণ

পাহাড়, নদী, মেঘ, জলাবন আর ঝরনা যেন একে অপরকে আলিঙ্গন করে আছে। দূর পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে টুকরো টুকরো সাদা মেঘ। বৃষ্টি নামলে পাহাড়গুলো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরনাধারা। ঝরনার পানির কলকল শব্দে ছুটে চলা ও শীতল স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমেষে। পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পাথরও অন্যতম এক আকর্ষণ। নগরজীবনের যান্ত্রিকতা পেছনে ফেলে প্রকৃতির মধ্যে দুদণ্ড ডুব দিতে চাইলে সিলেট হতে পারে উপযুক্ত স্থান। সিলেট থেকে দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার পুরো পথই প্রকৃতি তার সৌন্দর্যে বিমোহিত করবে যে কাউকে। পিচঢালা পথের দুই পাশে এখন বিশাল জলরাশি আর পাহাড়। গাড়ির জানালা খুলে দিলেই হু হু ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দেয়। এরই মধ্যে চলতে থাকে রোদ-বৃষ্টির খেলা। সম্প্রতি সিলেটের রাতারগুল, সাদা পাথর, লালা খাল ও জাফলং ঘুরে ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ট্রেনে ঢাকা থেকে সিলেট যেতে দুই পাশে পড়বে এমন সাজানো–গোছানো চায়ের বাগান।
২ / ১৩
অতিথিদের চায়ের রাজ্যে স্বাগত জানায় পথের দুই পাশে থাকা চা–বাগানগুলো।
৩ / ১৩
বাইরে গরম থাকলেও রাতারগুলের এই জলাবনে ঢুকলে মনে ছড়িয়ে পড়ে প্রশান্তি।
৪ / ১৩
রাতারগুলে ঘাট থেকে ভাড়ায় চলে এসব নৌকা। প্রথমে জনপ্রতি ৫৭ টাকা ৫০ পয়সা দিয়ে টিকিট কাটতে হয়। নৌকা ভাড়া ৭৫০ টাকা। এক নৌকায় সর্বোচ্চ পাঁচজন উঠতে পারেন।
৫ / ১৩
পর্যটকদের নিয়ে জলাবনের বুক চিরে চলছে নৌকা। দূরে মাঝি তখন গলা ছেড়ে গান গাইছেন।
৬ / ১৩
উঁচু পাহাড়গুলো যেন সবুজের মায়াজাল তৈরি করেছে। সে পাহাড় থেকে নেমে আসা ঝরনার শীতল পানি এসে পড়ছে ধলাই নদে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে।
৭ / ১৩
ঝরনার শীতল পানিতে গা জুড়াতে আর সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন পর্যটকেরা। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে।
৮ / ১৩
বর্ষাকালে সীমান্তের ওপারের পাহাড় থেকে প্রতিবছর পানির সঙ্গে নেমে আসে প্রচুর পাথর। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে।
৯ / ১৩
ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় পৌঁছে দেওয়া হয় সাদা পাথরের মূল জায়গায়। নৌকাপ্রতি আসা-যাওয়ায় ভাড়া ৮০০ টাকা। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে।
১০ / ১৩
নীল আকাশের প্রতিচ্ছবিতে নদীর পানি নিলচে দেখায়। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে।
১১ / ১৩
লালা খাল ভ্রমণের এক ফাঁকে ঘুরে নিতে পারেন লালা খাল চা-বাগান। জৈন্তাপুর উপজেলার অদূরে সারীঘাটে।
১২ / ১৩
জাফলং নৌকার ঘাট থেকে হেঁটে মায়াবী ঝরনায় যাওয়ার সময় দুই পাশে পড়বে বিভিন্ন পণ্যের ভাসমান দোকান। সেখানে সুদৃশ্য বিছানার চাদর বিক্রি করছিলেন এক দোকানি। গোয়াইনঘাট উপজেলায়।
১৩ / ১৩
মায়াবী ঝরনা। সেখানে ভেজার পর আছে পোশাক পরিবর্তনের স্থান। আছে লকার, আছেন ফটোগ্রাফার। তাই ঝরনার জলে ভিজতেই পারেন। গোয়াইনঘাট উপজেলায়।