নাগলিঙ্গম ফুলের ডালে ঘুঘু পাখির সংসার
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক এলাকায় ঠায় দাঁড়িয়ে আছে সবুজ পাতায় ভরা গাছ। নাম তার নাগলিঙ্গম। ফুলে ফুলে ছেয়ে আছে গাছের কাণ্ড। সেখানে বেশ কিছুদিন ধরে বসবাস করছে জোড়া ঘুঘু পাখি। কখনো ফুলের ডালে বসছে। আবার কখনো খুনসুটিতে মেতে উঠছে। নাগলিঙ্গম ফুল ছয়টি পাপড়ি মেলে যেন সাপের ফণার মতো দর্শনার্থীদের দিকে তাকিয়ে থাকে। গাঢ় গোলাপি আর হালকা হলুদ রঙের মিশ্রণ শরীরে। ভোরে যাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে চলাচল করেন, তাঁদের অনেকেই নাগলিঙ্গমের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ফ্রান্সের উদ্ভিদবিদ জে এফ আবলেট ১৭৫৫ সালে এ গাছের বৈজ্ঞানিক নামকরণ করেন couroupita guianensis। উদ্ভিদবিদেরা বলেন, নাগলিঙ্গমের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকায়। নাগলিঙ্গমের ভেষজ গুণও অনন্য। বাংলাদেশে নাগলিঙ্গমগাছ বেশ দুর্লভ। বগুড়ার শহীদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি।