খেলনার গ্রাম খোলাশ

করোনার ধকল এখনো কাটেনি শিশু খেলনার গ্রাম খোলাশে। গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। সম্প্রতি নিজ বাড়িতে তিনি বলেন, ৪০ বছর ধরে শিশুদের খেলনা তৈরি ও দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী মেলায় পসরা সাজিয়ে বিক্রি করেন। করোনা কারণে দুই বছর দেশজুড়েই কোনো মেলা, বান্নি হয়নি। আর পরের দুই বছর বৈশাখ মাসে পবিত্র রমজান। এসব কারণে প্রায় চার বছর মেলা, বান্নি অপেক্ষাকৃত কম হওয়ায় করোনার আকাল এখনো কাটেনি শিশু খেলনার গ্রাম খোলাশে। গ্রামটিতে ছোট–বড় ছয় থেকে সাতটি প্লাস্টিকের শিশু খেলনার কারখানা আছে। দেনার দায়ে বন্ধ হয়ে গেছে এসব কারখানা। এখন কারখানা না থাকলেও ঢাকা থেকে প্লাস্টিকের শিশু খেলনা কিনে এনে বাড়িতে সাজিয়ে মেলায় বিক্রির প্রস্তুতি নিচ্ছে অনেক পরিবার। পোড়ামাটির খুরি, চাকতি, মোটা কাগজ, সুতা, মাটির খুদে চাকা, বাঁশের কাঠি, পশুর চামড়া—এসব দিয়ে তাঁরা রং–বেরঙের টমটম, টরটরি, ঘিন্নি, বেহালা ইত্যাদি খেলা তৈরি করেছেন। কাঠের গাড়ি আর প্লাস্টিকের হরেক রকম খেলনাও বানিয়েছেন। চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ—এ তিন মাসের মেলা মৌসুমে চলে তাঁদের প্রস্তুতি। অনেকে তো ধারদেনা করেও পুঁজি বিনিয়োগ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এখনো আশায় আছেন, সারা দেশে খেলনা বিক্রি করবেন। মৌসুম শেষে একেকজন কারখানার মালিকের আয় হবে গড়ে লাখ টাকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
শিশু খেলনার গ্রাম খোলাশ। গ্রামটিতে প্রায় শতাধিক পরিবার খেলনা তৈরি করে জীবন ও জীবিকা নির্বাহ করে। দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় এসব খেলনা বিক্রি হয়। বাড়ির উঠানে বসে খেলনা টমটম গাড়ি তৈরির জন্য বাঁশের ধুরা তৈরি করছেন গৃহিণী রেশমা বেগম।
২ / ৯
খোলাশ গ্রামের খেলনার সুখ্যাতি দেশজুড়ে। তাই তো বাড়ির উঠানে বসে বাঁশ দিয়ে টমটমের ফ্রেম তৈরি করছেন জাকিয়া সুলতানা।
৩ / ৯
উঠানে বসে মাটির তৈরি খুরিতে মোটা কাগজ লাগাচ্ছেন জাহানারা বেগম।
৪ / ৯
খুঁটিতে লাগানো মোটা কাগজে রাঙিয়ে তুলছেন রেশমা বেগম।
৫ / ৯
টমটম তৈরির জন্য রং-বেরঙের রাঙানো খুরি রোদে শুকাতে দেওয়া হয়েছে।
৬ / ৯
কাঠের গাড়ির হাতল তৈরি করে রোদে শুকাতে দিয়েছেন আনোয়ার হোসেন।
৭ / ৯
রাঙিয়ে তোলা টমটমে ধুরা ও ফাতি লাগাচ্ছেন খুশি আকতার। খুশির হাতে তৈরি গাড়ি বিক্রি হবে এবারের বৈশাখী মেলায়।
৮ / ৯
প্রায় ৪০ বছর গ্রামীণ মেলায় খেলনার পসরা সাজিয়ে বিক্রি করেন নজরুল ইসলাম। নিজের হাতে তৈরি করা খেলনা টমটম দেখাচ্ছেন তিনি।
৯ / ৯
বিক্রির জন্য তৈরি হয়েছে টমটম। এবারের বৈশাখী মেলায় বিক্রি করা হবে।