তালাবদ্ধ দোলনা, ভাঙাচোরা রাইডে ঝুঁকি নিয়ে খেলা

পুরান ঢাকার ধূপখোলা খেলার মাঠে শিশুদের জন্য নির্ধারিত কর্নারটি নানা অব্যবস্থাপনায় বেহাল। ভাঙাচোরা দোলনা, স্লিপার ও রকিং চেয়ার পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। খেলার জায়গার একাংশ দখল করে রাখা হয়েছে হকারদের ভ্যান। এর পাশাপাশি মাঠের জায়গায় প্রভাব খাটিয়ে বসানো হয়েছে বিভিন্ন বাণিজ্যিক বিনোদনমূলক রাইড, যেগুলোতে চড়তে শিশুদের গুনতে হয় টাকা। স্থানীয় বাসিন্দা ও মাঠে আসা অভিভাবকদের অভিযোগ, টাকা দিয়ে বাণিজ্যিক রাইডে উঠতে বাধ্য করতেই বিনা মূল্যের দোলনাসহ অন্য সরঞ্জামগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে সাধারণ শিশুদের খেলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। এমন অব্যবস্থার মধ্যেই ভাঙাচোরা রাইডে ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মাঠটির এমন চিত্র দেখা গেছে গত রোববার।

১ / ১২
ধূপখোলা খেলার মাঠে শিশুদের জন্য নির্ধারিত কর্নারের দোলনাগুলো প্রায় সব সময়ই তালাবদ্ধ করে রাখা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
২ / ১২
শিশুদের খেলার জায়গার ভেতরেই রাখা হয়েছে হকারদের ভ্যান ও নানা সামগ্রী। অবহেলায় পড়ে থাকা তালাবদ্ধ দোলনার চারপাশে গজিয়ে উঠেছে আগাছা।
৩ / ১২
বিনা মূল্যের মাঠের এক পাশে প্রভাব খাটিয়ে বসানো হয়েছে বাণিজ্যিক রাইড। এসব রাইডে চড়তে শিশুদের গুনতে হয় বাড়তি টাকা।
৪ / ১২
অযত্ন আর অবহেলায় পড়ে আছে খেলার সরঞ্জামগুলো। কোথাও রং চটে গেছে, কোথাও দেখা দিয়েছে ভাঙাচোরা দশা।
৫ / ১২
লোহার কাঠামোর তৈরি একটি রাইডও দীর্ঘদিন ধরে এভাবে তালাবদ্ধ করে ফেলে রাখা হয়েছে।
৬ / ১২
একটি স্লাইডের ভেতরের অংশ ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। এমন মারাত্মক ঝুঁকি নিয়েই খেলছে শিশুরা।
৭ / ১২
গত বছরের ঈদে মেলা উপলক্ষে বসানো হয়েছিল এসব রাইড। মেলা শেষ হলেও এসব নিম্নমানের রাইড আর সরানো হয়নি।
৮ / ১২
দীর্ঘদিন সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে সিস-স দোলনাটি। এর ভাঙাচোরা কাঠামোর ওপরই মেতেছে শিশুরা।
৯ / ১২
মেলার সময় বসানো ঝুঁকিপূর্ণ নৌকা আকৃতির পুরোনো রাইডে চড়ছে শিশুরা।
১০ / ১২
স্লাইডের নিচের অংশ ভেঙে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হলেও বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই সেখানে খেলছে শিশুরা।
১১ / ১২
শিশুদের স্প্রিং রাইডটি নষ্ট হয়ে আছে দীর্ঘদিন। উন্মুক্ত ও ধারালো স্প্রিং যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
১২ / ১২
শিশুদের আনন্দের জন্য তৈরি ফোয়ারাটি দীর্ঘদিন ধরে অচল ও পানিশূন্য। ভেতরে জমে আছে ময়লা-আবর্জনা।