রূপপুর বদলে দিচ্ছে বাংলাদেশের রূপ, নিয়ে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের যুগে

এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং বা ব্যবহার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ ঘটছে বাংলাদেশের। ১৬ এপ্রিল পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সরবরাহের লাইসেন্স পাওয়া যায়। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার জ্বালানি লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব পেরিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। এখানে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই বা আগস্টে পরীক্ষামূলকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এক বছর পর প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর, পাকশী ও গ্রিন সিটি এলাকায় এখন তারই প্রস্তুতি।

১ / ১১
পাবনার রূপপুরে পদ্মার তীরে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
২ / ১১
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নানা অবকাঠামোর পাশাপাশি নদী শাসনে তৈরি করতে হয়েছে বাঁধ
৩ / ১১
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছেই পদ্মা নদীর ওপর রয়েছে শতবর্ষী পাকশী হার্ডিঞ্জ ব্রিজ (রেলসেতু), তার পাশে লালন শাহ সেতু (সড়কসেতু)
৪ / ১১
নদীর ওপারে কুষ্টিয়া জেলা থেকেও দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার
৫ / ১১
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং শুরু হবে আজ
৬ / ১১
পাবনার রূপপুরে বিশাল এলাকাজুড়ে এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর আজ খুলছে সম্ভাবনার দুয়ার
৭ / ১১
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে খানিক দূরে সবুজের মাঝে দেখা যাচ্ছে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা ‘গ্রিন সিটি’
৮ / ১১
রূপপুরে ‘গ্রিন সিটি’তে রাশিয়ানসহ বিদেশি নাগরিকদের চাহিদা অনুযায়ী গড়ে উঠেছে বিপণিবিতান, যেখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেন তাঁরা। এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে রাশিয়ার সহযোগিতায়
৯ / ১১
রূপপুরে ‘গ্রিন সিটি’ এলাকাটি নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা হয়
১০ / ১১
এই পথ দিয়ে যেতে হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে
১১ / ১১
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিটে বাষ্প নির্গমন পরীক্ষার সময় প্রচণ্ড শব্দের সঙ্গে দেখা যায় এমন ধোঁয়া