তেলের অপেক্ষায় রাতের ঘুমও এখন ফিলিং স্টেশনে

জ্বালানি তেলের জন্য রাতের ঘুমও এখন ফিলিং স্টেশনে। রাতভর অপেক্ষায় থাকতে থাকতে নিজের মোটরসাইকেলই ঘুমিয়ে নিচ্ছেন অনেকে। যাঁরা গাড়ি নিয়ে অপেক্ষায়, তাঁরা গাড়ির সিটে ঘুমিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে মশার উপদ্রব থেকে রক্ষায় মশারি টানিয়ে নিতে দেখা গেল একজনকে। একজন আবার সড়কে কাঁথা বিছিয়েই শুয়ে ছিলেন। এমন সব চিত্র দেখা গেল গতকাল শনিবার রাতে ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের এই সংকট চলছে এক মাসের বেশি সময় হলো। সরকার এরই মধ্যে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

১ / ৭
রাতভর অপেক্ষায় থাকতে থাকতে সড়কেই কাঁথা বিছিয়ে শুয়ে পড়েন রিফাত খান। ভোরেও তাঁর ঘুম ভাঙছিল না। মিরপুরের সুমাত্রা ফিলিং স্টেশনে।
২ / ৭
তেলের জন্য অপেক্ষার ফাঁকে গাড়ির সিটে শুয়েই রাতের ঘুম। মশার উপদ্রব থেকে বাঁচতে টানিয়েছেন মশারিও। মিরপুরের ইসিবি চত্বরে।
৩ / ৭
তেলের জন্য অপেক্ষার শেষ কখন, তার ঠিক নেই। তাই রাতের ঘুম নিজের স্কুটির পাদানিতেই। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে।
৪ / ৭
বন্ধ পাম্পে দীর্ঘ অপেক্ষার ক্লান্তিতে মোটরসাইকেলে বসেই ঘুম। আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে।
৫ / ৭
তেলের জন্য গরমের মধ্যে গভীর রাতেও চালকদের অপেক্ষা। আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনে
৬ / ৭
আবু বক্কর ও মনসুর শেখের রাত জেগে এই অপেক্ষা তেলের জন্য। পরীবাগের মেঘনা ফিলিং স্টেশনে
৭ / ৭
রাত আড়াইটায় লাইন খানিকটা এগিয়েছে, তাই মোটরসাইকেল ঠেলে নিচ্ছেন শাহীন। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে।