দুগ্ধ খামারিদের দিনকাল
পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, বেড়া, সাঁথিয়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান গরুর দুধ উৎপাদনকারী এলাকা। প্রাণিসম্পদ কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ এলাকার ২৫ হাজারেরও বেশি খামারে প্রতিদিন প্রায় ১০ লাখ লিটার গরুর দুধ উৎপাদিত হয়। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এ এলাকা থেকে মিল্ক ভিটা, আড়ং দুধ, প্রাণ ডেইরি, ফার্মফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে বিক্রি করে থাকে। দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোই খামারিদের দুধ বিক্রি করার প্রধান ভরসা। তবে বর্তমানে খামারিদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান দুধের সঠিক দাম দিচ্ছে না। খামারিদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় বর্তমানে প্রতি লিটার দুধের উৎপাদন খরচ পড়ে প্রায় ৫৫ টাকা। কিন্তু দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো প্রতি লিটার দুধের দাম দিচ্ছে ৪৫ থেকে ৫২ টাকা। তবু একরকম নিরুপায় হয়েই খামারিরা গরু পালন করছেন বর্তমানে। পাবনার বিভিন্ন উপজেলা ঘুরে দুধ সংগ্রহের ছবি নিয়ে আজকের ছবির গল্প।