সুরকার সত্য সাহার জমিদারবাড়ি

চট্টগ্রাম নগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার নন্দীরহাট গ্রামে শত বছরের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে একটি বিশাল জমিদারবাড়ি। এটি দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক, একুশে পদকপ্রাপ্ত সত্য সাহার পৈতৃক বাড়ি। কারুকার্যখচিত দেয়াল, নকশা করা কার্নিশ আর কাঠের ছাদের স্থাপত্য আজও জানান দেয়, একসময় এই বাড়িতে ছিল আড়ম্বর আর প্রাচুর্য। তবে ১৩৫ বছরের পুরোনো এই ঐতিহাসিক স্থাপনা অযত্ন–অবহেলায় আজ ধ্বংসের পথে।
১৮৯০ সালে প্রায় পাঁচ একর জায়গাজুড়ে বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার লক্ষ্মীচরণ সাহা। লক্ষ্মীচরণ সাহা, মাদল সাহা ও নিশিকান্ত সাহার হাত ধরেই নন্দীরহাট গ্রামে জমিদারি প্রথার গোড়াপত্তন হয়। বাড়িটিতে ছিল দোতলা কাছারিঘর, বিগ্রহ মন্দির, দুটি আলাদা দালান এবং পুকুরে শানবাঁধানো। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগপর্যন্ত এর দেখভাল করেন লক্ষ্মীচরণ সাহার বড় ছেলে প্রসন্ন সাহা। পরবর্তীকালে অবশ্য বাড়িটি কিংবদন্তি সুরকার ও গীতিকার সত্য সাহার বাড়ি নামেই পরিচিতি লাভ করে। এই বাড়িতেই হয়েছিল জনপ্রিয় চলচ্চিত্র ‘অশিক্ষিত’র শুটিং। সেই বাড়ি নিয়ে এই ছবির গল্প।

১ / ৮
১৩৫ বছরের পুরোনো জমিদারবাড়ি।
২ / ৮
জমিদারবাড়ির নামফলক।
৩ / ৮
বাড়িটির দেয়ালে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে ইটের গাঁথুনি।
৪ / ৮
জমিদারবাড়ির পুকুরে শানবাঁধানো ঘাটের ধ্বংসাবশেষ।
৫ / ৮
জমিদারবাড়ির কারুকার্যখচিত খিলান।
৬ / ৮
এভাবে খসে পড়ছে ভবনের পলেস্তারা।
৭ / ৮
শ্যাওলা ধরা ধূসর দেয়ালজুড়ে গাছের ডালপালা ও শেকড় ছড়িয়ে পড়েছে।
৮ / ৮
জমিদারবাড়ির একটি জরাজীর্ণ গম্বুজ।