আমড়ার মৌসুমে জমজমাট বেচাকেনা

বর্ষা বিদায়ের এই সময়ে আমড়া বেচাকেনায় জমজমাট দক্ষিণাঞ্চলের নদী-খালের হাটগুলো। ঝালকাঠি ও পিরোজপুরের আড়তে এখন চলছে মৌসুমি আমড়া কেনাবেচার ধুম। খুব ভোরে বাগান থেকে আমড়া পেড়ে ছোট ছোট নৌকায় করে হাটে নিয়ে আসেন চাষিরা। এরপর চলে দরদাম, ওজন মাপা, বাছাই ও বস্তাবন্দী করার কাজ। পাইকারদের হাত ঘুরে এসব আমড়া সড়কপথে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে। ঝালকাঠির বিনয়কাঠি ও হিমানন্দকাঠি এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর, জিন্দাকাঠি ও আদমকাঠির হাটগুলো এখন আমড়াচাষি, পাইকার ও শ্রমিকদের উপস্থিতিতে মুখর। বর্তমানে আকার ও মানভেদে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এই অঞ্চলের আমড়ার হাটের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
বাগান থেকে গাছপাকা আমড়া পেড়ে নৌকায় করে নিয়ে আসছেন চাষিরা
২ / ১০
খালের বুকে একের পর এক ভিড়ছে আমড়াভর্তি নৌকা। একটু পরই শুরু হবে বেচাকেনার হাঁকডাক
৩ / ১০
নৌকা থেকে ক্রেটে আমড়া তুলছেন এক চাষি
৪ / ১০
আমড়ার মৌসুমে হাটে জমে উঠেছে বেচাকেনা
৫ / ১০
ডিজিটাল পাল্লায় আমড়ার ওজন মেপে নিচ্ছেন এক ব্যবসায়ী
৬ / ১০
আড়তের মেঝেতে আমড়ার স্তূপ। সেখান থেকে আকার ও মান অনুযায়ী আমড়া বাছাই করে আলাদা ক্রেটে রাখছেন শ্রমিকেরা
৭ / ১০
বাছাইপর্ব শেষে দূরপাল্লার যাত্রার জন্য আমড়াগুলো বস্তায় ভরা হচ্ছে
৮ / ১০
ট্রাকে তোলার অপেক্ষায় আড়তে স্তূপ করে রাখা হয়েছে বস্তাবন্দী আমড়া। এসব আমড়া যাবে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরে
৯ / ১০
মাথায় বাঁশের ঝুড়িতে আমড়া নিয়ে ছুটছেন এক শ্রমিক। ভরা মৌসুমে তাঁদের দম ফেলার ফুরসত নেই
১০ / ১০
ঘাটজুড়ে কর্মচাঞ্চল্য। নৌকা থেকে দ্রুত আমড়া খালাস করে আড়তে পৌঁছে দিতে ব্যস্ত চাষি ও শ্রমিকেরা