ব্লক–বাটিকে ব্যস্ত কারিগরেরা
কুমিল্লা জেলার বেশ কয়েকটি গ্রামে যুগ যুগ ধরে তৈরি হচ্ছে বাটিক কাপড়। বাটিক কাপড় তৈরি হয় সম্পূর্ণ হাতে। কাঠের প্লেটে খোদাই করে নকশা তৈরি করা হয়। পরে মোমের ব্লক দিয়ে ফুটিয়ে তোলা হয় হরেক রকম ডিজাইন। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা আর কাস্টমারদের চাহিদার কথা ভেবে নিত্যনতুন ডিজাইন ফুটিয়ে তুলছেন স্থানীয় কারিগরেরা। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে সরবরাহের পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে এসব কাপড়। ঈদ আসলে এই গ্রামের বাটিকের কারিগরদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। স্থানীয় লোকজন জানান, কুমিল্লায় খদ্দর কাপড়ের পাশাপাশি বাটিক কাপড়ও জনপ্রিয় হয়ে ওঠে কয়েক যুগ আগ থেকে। কালের আবর্তে খদ্দর কাপড় হারিয়ে যেতে বসলেও বাটিক রয়েছে সগৌরবে। জেলার সদর উপজেলার কমলপুর ও সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামে বাটিক কাপড় তৈরি হচ্ছে বাটির কাপড়। দুটি গ্রামে ১৫টিরও বেশি বাটিক কারখানা রয়েছে। শাড়ি, থ্রি–পিস, বিছানার চাদর, ওড়নাসহ হরেক রকম কাপড় তৈরি হয় সেখানে।