পুরোনো টায়ারেই জীবিকা

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় পুরোনো ও ব্যবহৃত টায়ারকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক কর্মযজ্ঞ। নগরের বিভিন্ন গ্যারেজ, ওয়ার্কশপ এবং বাস-ট্রাক টার্মিনাল থেকে প্রতিদিন পরিত্যক্ত টায়ার এনে জড়ো করা হয় এখানে। এরপর বাছাই করে অপেক্ষাকৃত ভালো টায়ারগুলো আবার ব্যবহারের উপযোগী করা হয়; আর চলাচলের অনুপযোগী টায়ার কেটে রাবার, সুতা ও ভেতরের স্টিলের তার আলাদা করেন শ্রমিকেরা। ফেলে দেওয়া এসব টায়ারের রাবার দিয়ে তৈরি হয় জাহাজের ফেন্ডার (জাহাজের ধাক্কা সামলানোর বাফার), জুতার সোল, রিকশার ব্রেক শু ও বিভিন্ন ধরনের রাবার প্যাড। আর স্টিলের তার বিক্রি হয় স্ক্র্যাপ বা ভাঙারি হিসেবে। পুরোনো এই টায়ার ঘিরেই দেওয়ানহাটে তৈরি হয়েছে শত শত শ্রমিকের জীবিকার সংস্থান। তুলনামূলক কম দামে রাবারজাত নানা সামগ্রী মেলায় ক্রেতাদের কাছেও রয়েছে এর ব্যাপক চাহিদা। দেওয়ানহাটের সেই শ্রম ও ব্যস্ততার চিত্র নিয়েই এই ছবির গল্প।

১ / ১২
ভারী টায়ার কাটা সহজ কাজ নয়। ধারালো হ্যাকস ব্লেড দিয়ে টায়ারের বড় একটি অংশ কেটে আলাদা করছেন দুই শ্রমিক
২ / ১২
নিপুণ হাতে টায়ার কাটায় মগ্ন এক শ্রমিক
৩ / ১২
টায়ারের কেটে রাখা বিভিন্ন অংশ আলাদা করে সাজিয়ে রাখছেন এক শ্রমিক
৪ / ১২
নগরের বিভিন্ন প্রান্তের গ্যারেজ ও টার্মিনাল থেকে ট্রাকে বোঝাই করে দেওয়ানহাটে আনা হয়েছে পুরোনো টায়ারের চালান
৫ / ১২
কাটার জন্য ভারী টায়ার নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক
৬ / ১২
টায়ার কাটার কাজ করছেন শ্রমিকেরা
৭ / ১২
পা দিয়ে চেপে টায়ার ঠিক করছেন এক শ্রমিক
৮ / ১২
আড়তে জমিয়ে রাখা টায়ারের স্তূপের ওপর দিয়ে ভারসাম্য রেখে হেঁটে যাচ্ছেন এক শ্রমিক
৯ / ১২
বিশেষ কৌশলে কেটে আলাদা করা হচ্ছে টায়ারের ভেতরের অংশ
১০ / ১২
দিনভর এমন হাড়ভাঙা খাটুনিতে ব্যস্ত থাকেন শ্রমিকেরা
১১ / ১২
ভারী টায়ার কাঁধে নেওয়া কঠিন, তাই সড়ক ধরে চাকার মতোই গড়িয়ে তা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে
১২ / ১২
কম দামে পুরোনো টায়ার কিনে নিয়ে যাচ্ছেন এক ক্রেতা