ট্রাকে টিসিবির পণ্য ওঠাতেই দীর্ঘ অপেক্ষা

টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) গুদামে বরাদ্দপত্র জমা দিয়ে, সিরিয়াল নিয়ে ট্রাকে পণ্য ওঠানোর সুযোগ পেতে দীর্ঘ সময় লাগছে। এতে গুদামের বাইরে রাস্তায় জমছে ট্রাকের সারি। ট্রাকে পণ্য ওঠানোর অপেক্ষায় থেকে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের কেউ কেউ ক্লান্ত হয়ে ট্রাক বা গুদামের ভেতরে ঘুমিয়ে পড়ছেন।

অনেকে আবার নিজেদের মুঠোফোনে গেম খেলে কিংবা ভিডিও দেখে সময় পার করছেন। টিসিবির কর্মকর্তারা বলছেন, ট্রাকপ্রতি পণ্য বরাদ্দের পরিমাণ ও পণ্যের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সময় লাগছে। অন্যদিকে পরিবেশকেরা মনে করছেন, শ্রমিকের (যাঁরা ট্রাকে পণ্য ওঠানোর কাজ করেন) সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ ছাড়া টিসিবি থেকে বিক্রির জন্য পরিবেশকদের কাছে যে পেঁয়াজ দেওয়া হয়, সেই পেঁয়াজের মান নিয়েও পরিবেশকদের আপত্তি। তাঁরা বলছেন, অনেক পেঁয়াজ পচে গেছে। এমন পেঁয়াজ ক্রেতারা কিনতে চাইছেন না। মঙ্গলবার টিসিবির তেজগাঁওয়ের ২৩০ নম্বর গুদামে গিয়ে এই চিত্র দেখা যায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
বস্তায় রাখা পেঁয়াজে চারা গজিয়েছে।
২ / ৯
গুদাম এলাকার ভেতরে টিসিবির পণ্যের অপেক্ষায় থাকা পরিবেশকদের ট্রাকের সারি।
৩ / ৯
ট্রাকে পণ্য ওঠানোর অপেক্ষায় থাকা তিন তরুণ মুঠোফোনে গেম খেলে সময় পার করছেন।
৪ / ৯
গুদাম কর্মকর্তার কক্ষের সামনে টিসিবির পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের ভিড়।
৫ / ৯
গুদামের বাইরে পরিবেশকদের ট্রাকের সারি।
৬ / ৯
পণ্য ওঠানোর অপেক্ষায় থাকতে থাকতে ট্রাকের ভেতরেই ঘুমিয়ে পড়েছেন একজন ট্রাকচালক ও পরিবেশকের বিক্রয় প্রতিনিধি।
৭ / ৯
ট্রাকে পণ্য ওঠানোর অপেক্ষায় থাকা এক বিক্রয় প্রতিনিধি পেঁয়াজের গুদামঘরের পাশেই ঘুমিয়ে পড়েন।
৮ / ৯
দীর্ঘ অপেক্ষার পর এক পরিবেশকের ট্রাকে ওঠানো হচ্ছে পণ্য।
৯ / ৯
পণ্য নিয়ে বিক্রির নির্ধারিত স্থানের উদ্দেশ্যে গুদাম ছেড়ে যাচ্ছে এক পরিবেশকের ট্রাক।