রেলস্টেশনে পোনা মাছের বাজার
সারি সারি গামলায় পানিতে রাখা ছোট ছোট পোনা মাছ। দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা দরদাম করে মাছ কিনে নেন। মাছের বাজারটি বগুড়ার কাহালু উপজেলার রেলওয়ে স্টেশনে। সেই বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ব্ল্যাক কার্প মাছের পোনা। প্রতি কেজি পোনা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চিতল, পাবদা, গোলশা, সরপুঁটি, রুই, কাতলা, মৃগেল, বাউশ, কমন কার্প, সিলভার কার্প, বিগহেড মাছের পোনা বেচাকেনা হয়। প্রজাতিভেদে প্রতি কেজি মাছ ১২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। দীর্ঘদিন ধরে মাছ বিক্রেতারা বসলেও সেখানে অবকাঠামোগত কোনো উন্নয়ন চোখে পড়েনি। ব্যবসায়ীরা জানান, স্বাধীনতার পর থেকে কাহালু রেলওয়ে স্টেশন এলাকায় মাছের পোনা বিক্রির বাজার গড়ে ওঠে। কিছুদিন আগেও এই ব্যবসার ব্যাপক জৌলুশ ছিল। এখন হ্যাচারির সংখ্যা বেড়ে যাওয়ায় সেই জৌলুশ আর নেই। দেশের বিভিন্ন স্থান থেকে মাছচাষিরা এই কাহালু রেলওয়ে স্টেশনে রাত যাপন করে মাছ কিনে নিয়ে যেতেন। তবুও প্রতিদিন সকালে প্রায় ৪০ থেকে ৫০ মণ পোনা বিক্রি হয়।