একঝলক (১৮ জানুয়ারি, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
গৃহস্থালির কাজে ঝাঁকার চাহিদা সারা বছরই থাকে। আর সে কারণেই সারা বছরই ঝাঁকা তৈরি করে সংসার চালান এলাকার অনেক মানুষ। বিক্রির জন্য বাড়ির উঠানে বসে ঝাঁকা তৈরি করছেন গৃহবধূ তোহুরা বেগম। একেকটি ঝাঁকা ১২০ টাকা দরে বিক্রি করা হবে। মল্লিক ডাংগি এলাকা, ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২ / ২৯
এখন শীতকালে গ্রামাঞ্চলে পিঠা তৈরির ধুম পড়েছে। পিঠা তৈরির উপকরণ চাল ঢেঁকিপারে গুঁড়া করছেন গৃহবধূ জয়ঘুন বেগম। বিষ্ণুপুর এলাকা, ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৩ / ২৯
শীতের সকালে কোলে নাতিকে নিয়ে দোকান থেকে শাক নিয়ে বাড়ি ফিরছেন দাদা মজিবর রহমান। কদমতলা, রংপুর, ১৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৯
কুষ্টিয়া থেকে বিভিন্ন রংয়ের নকশিকাঁথাসহ নানা কাপড় নিয়ে আসেন মো. জিয়া মিয়া। একেকটি নকশিকাঁথা বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৫০০০ টাকায়। নজরুল এভিনিউ, কুমিল্লা, ১৮ জানুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ২৯
পলি পড়ে খালের গভীরতা কমে গেছে। দীর্ঘ কয়েক বছর ধরে খনন না করাতে এখন বরিশালের রসুলপুর খালটি অস্তিত্ব সংকটে। এ ছাড়া গভীরতা কম থাকার কারণে খালে পানিপ্রবাহ কমে গেছে। খালের মধ্যে আটকা পড়ে আছে ট্রলার। রসুলপুর এলাকা, বরিশাল নগর, ১৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
৬ / ২৯
কনকনে শীতের মধ্যেই মাছ ধরতে বেরিয়েছেন দুই জেলে। ময়নাকুঠি, রংপুর, ১৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৯
বর্গা নেওয়া ২০ শতাংশ জমিতে মুলা চাষ করেছেন ফজলে মিয়া। ৪০ দিন পর সেই খেত থেকে মুলা তুলেছেন। এখন খালের পানিতে সেই মুলা ধুয়ে পরিষ্কার করে নৌকাতে তুলছেন ফজলে মিয়া ও তাঁর ছেলে। বিক্রির জন্য নৌকাতে করে নিয়ে যাবেন সাহাবের হাটে। চারটা মুলা ১৫ টাকা দরে বিক্রি করবেন বাজারে। হিজলতলা, চানপুরা ইউনিয়ন, বরিশাল, ১৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
৮ / ২৯
গাছের ডালে ডালে আসতে শুরু করেছে সুস্বাদু ফল আমের মুকুল। অশোক তলা সোনারি পুকুর এলাকা, কুমিল্লা, ১৮ জানুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ২৯
সাগর থেকে মাছ নিয়ে আসা ট্রলারগুলো কর্ণফুলী নদীর মাঝখানে নোঙর করা হয়। সেখান থেকে ছোট ছোট নৌকার সাহায্যে এই মাছ আনা হয় ঘাটে। আর শ্রমিকেরা সেই মাছ হিমাগারে নিয়ে যান। সকাল ৮টা, কর্ণফুলী ঘাট, সদরঘাট, চট্টগ্রাম, ১৮ জানুয়ারি।
ছবি: সৌরভ দাশ
১০ / ২৯
সন্দ্বীপের নতুন নৌ রুট চালু করার জন্য চট্টগ্রাম নগরের রাসমনি ঘাট এলাকায় ছয় মাস ধরে খননকাজ চলছে। এতে জেলেদের নৌকা চলাচলে সাময়িক অসুবিধা হচ্ছে। সকাল সাড়ে ৯টা, রাসমনি ঘাট, চট্টগ্রাম, ১৮ জানুয়ারি।
ছবি: জুয়েল শীল
১১ / ২৯
পানি সেচে ফেলার পর বিলে থেকে যাওয়া অল্প পানিতে মাছ শিকারে ব্যস্ত বক। ডাকাতিয়া বিল, ফুলতলা উপজেলা, খুলনা, ১৮ জানুয়ারি।
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৯
২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী জেলা ও মহানগরের জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আসার কথা। সে উপলক্ষে সড়ক বিভাজকে থাকা ল্যাম্পপোস্টে লাগানো হচ্ছে পোস্টার–ব্যানার। কাজীহাটা এলাকা, রাজশাহী, ১৮ জানুয়ারি।
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ২৯
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যকার নৌপথটি ব্যস্ততম নৌরুট। এই পথ দিয়ে যানবাহন বোঝাই ফেরি চলাচল করে সর্বক্ষণ। তবে ফেরি ছাড়া বালুবাহী বাল্কহেড ও ইঞ্জিনচালিত ট্রলারও এদিক–সেদিক চলাচল করে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রাজবাড়ী, ১৭ জানুয়ারি।
ছবি: এম রাশেদুল হক
১৪ / ২৯
পোকামাকড় শিকারের আশায় শর্ষেখেতে ঘাপটি মেরে বসে আছে কানিবক। দক্ষিণ সুরমার কামাল বাজার, সিলেট, ১৮ জানুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৯
সকালের মিষ্টি রোদে বসে টুপি তৈরি করছেন জয়নব বেগম ও সাদেকা বেগম। প্রতিটি টুপি তৈরি করে তাঁরা মজুরি পান ৪০ টাকা। লক্ষ্মীপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৮ জানুয়ারি।
ছবি: সোয়েল রানা
১৬ / ২৯
স্বল্প মূল্যের টিসিবির পণ্য পেতে সকাল থেকে ট্রাকের চারপাশে নারী-পুরুষের উপচে পড়া ভিড়। বেলা সাড়ে ১১টা, সদর ইউনিয়ন পরিষদের সামনে, সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।
ছবি: প্রথম আলো
১৭ / ২৯
কৃষকেরা বোরো ধান লাগানোর জন্য মই টেনে জমি প্রস্তুত করছেন। রতনপুর এলাকা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১৮ জানুয়ারি।
ছবি: এম সাদেক
১৮ / ২৯
মাদক ও দূষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাইকেলে তেঁতুলিয়া থেকে টেকনাফের দিকে যাত্রা করেছেন চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশালের সদস্যরা। নয়মাইল এলাকা, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৮ জানুয়ারি।
ছবি: সোয়েল রানা
১৯ / ২৯
পাহাড়ে ফসল ফলানো যেমন কঠিন, তেমনি দুর্গম পথের কারণে বাজারে নিয়ে যাওয়াও কষ্টসাধ্য। পণ্য নিয়ে রাঙামাটি শহরে বিক্রির জন্য যেতে হয় নৌপথে এবং কাদামাখা পথ পেরিয়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। সোনারাম কার্বারিপাড়া, সদরের মগবান ইউনিয়ন, রাঙামাটি, ১৮ জানুয়ারি।
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৯
সড়ক খনন করে বিদ্যুতের ভূগর্ভস্থ কেব্‌ল স্থাপনের কাজ করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। স্কুল গেটের পাশে খোঁড়াখুঁড়ির কারণে অনেকটা ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। বেইলি রোড, ঢাকা, ১৮ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
২১ / ২৯
রেললাইনের ওপর দিয়ে পথচারী চলাচল নিষেধ। তা মানছেন না কেউ। চলন্ত ট্রেনের সামনে দিয়ে অবাধে চলাচল করেছেন পথচারীরা। মগবাজার রেলগেট, ঢাকা, ১৮ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
২২ / ২৯
বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগের চাহিদা বেড়ে যায়। এই ব্যাগ পাইকারি ২০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট, ঢাকা, ১৮ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
২৩ / ২৯
দীর্ঘদিন ধরে চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেরামতের কাজ। গুলিস্তান, ঢাকা, ১৮ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
২৪ / ২৯
লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী শেষে মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী এই মেলার আয়োজন করে। সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৮ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
২৫ / ২৯
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তুরস্কের একটি স্টলে পছন্দের বাতি দেখছেন এক ক্রেতা। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ১৮ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
২৬ / ২৯
সপ্তাহে দুই দিন হাট বসে। সেই দুই দিন পথে পড়ে থাকা ধান ঝেড়ে নেন রশিদা খাতুন। ভরা মৌসুমে তিন থেকে পাঁচ কেজি ধান পেলেও এখন ধান পাচ্ছেন খুবই কম। এভাবে কুড়ানো ধান বিক্রির টাকায় সংসার চালাচ্ছেন এই নারী। ধানের হাট, টেবুনিয়া, পাবনা, ১৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৭ / ২৯
ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের সংগঠন আবেশের উদ্যোগে চলছে দুই দিনব্যাপী চক্ষু পরীক্ষার কার্যক্রম। ১৮ জানুয়ারি
ছবি: শাহাদৎ হোসেন
২৮ / ২৯
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ধানের বীজতলায় চারার আগা হলুদ হয়ে যায়। চারার আগা যাতে হলুদ না হয়, এ জন্য নিয়ম করে কীটনাশক ও ওষুধ স্প্রে করতে নেমেছেন এই কৃষক। কদিন বাদেই এই চারা রোপণ করা হবে জমিতে। খিদিরপুর, আটঘরিয়া, পাবনা, ১৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৯ / ২৯
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। দিনাজপুর সরকারি কলেজ মাঠ, দিনাজপুর, ১৮ জানুয়ারি
ছবি: প্রথম আলো