চাঁদ ঘুরে চার নভোচারীর পৃথিবীতে ফেরা

চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার ‘আর্টেমিস ২’ মিশনের চার নভোচারী। ১০ দিনের রোমাঞ্চকর অভিযান শেষে আজ বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে তাঁদের বহন করা ওরিয়ন ক্যাপসুল। প্রশান্ত মহাসাগরে অবতরণের পরপরই নাসা ও মার্কিন সামরিক বাহিনীর যৌথ দল নভোচারীদের নিরাপদে উদ্ধার করে। সফল এই চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফেরা ও নভোচারীদের উদ্ধারের ঐতিহাসিক মুহূর্তগুলো নিয়ে নাসার তোলা ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের ছবির গল্প।

১ / ১৩
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর খুলে গেছে ওরিয়ন ক্যাপসুলের কমলা-সাদা রঙের তিনটি বিশাল প্যারাস্যুট। এটি ওরিয়নের গতি কমিয়ে আনতে সহায়তা করে। একসময় এ মহাকাশযান নেমে আসে প্রশান্ত মহাসাগরে। পানিতে অবতরণের ঠিক আগমুহূর্তের দৃশ্য এটি।
২ / ১৩
ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে এভাবেই সফল অবতরণ (স্প্ল্যাশডাউন) করে আর্টেমিস-২ মিশনের চার নভোচারীকে বহন করা ওরিয়ন ক্যাপসুল।
৩ / ১৩
সফল অবতরণের পর সাগরের বুকে ভাসছে ওরিয়ন ক্যাপসুল। চার নভোচারীকে নিরাপদে উদ্ধারে মাথার ওপর চক্কর দিচ্ছে মার্কিন নৌবাহিনীর দুটি সি–হক হেলিকপ্টার।
৪ / ১৩
আর্টেমিস-২ মিশনের চার নভোচারীকে ওরিয়ন ক্যাপসুল থেকে নিরাপদে বের করতে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে উদ্ধারকারী দলের স্পিডবোট।
৫ / ১৩
প্রশান্ত মহাসাগরে ভাসমান ওরিয়ন ক্যাপসুলের কাছে পৌঁছে গেছেন উদ্ধারকর্মীরা। যানটিকে ঠিকমতো ভাসিয়ে রাখতে ওপরে ফুলে উঠেছে কমলা রঙের বিশেষ বেলুন।
৬ / ১৩
মহাকাশযান থেকে বেরিয়ে একটি ভাসমান ভেলায় (র‍্যাফট) উঠেছেন চার নভোচারী। তাঁদের মূল জাহাজে নিতে আসা হেলিকপ্টারের পাখার প্রবল বাতাসে মহাসাগরের বুকে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন জলতরঙ্গ।
৭ / ১৩
প্রশান্ত মহাসাগরের ভাসমান ভেলা থেকে দড়ির সাহায্যে নভোচারীদের মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারে টেনে তোলা হয়।
৮ / ১৩
প্রশান্ত মহাসাগর থেকে সফল উদ্ধারের পর হেলিকপ্টারে করে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথার ডেকে নামা আর্টেমিস-২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যানের বিজয় উল্লাস।
৯ / ১৩
অবশেষে পৃথিবীতে ফেরা। প্রশান্ত মহাসাগর থেকে সফল উদ্ধারের পর জাহাজের ডেকে সহকর্মীদের সহায়তায় হেঁটে যাচ্ছেন নভোচারী ক্রিস্টিনা কোচ, তাঁর চোখেমুখে তৃপ্তির ঝিলিক।
১০ / ১৩
সফল চন্দ্রাভিযান শেষে উদ্ধারকারী জাহাজের ডেকে আর্টেমিস-২ মিশনের পাইলট ভিক্টর গ্লোভার (কমলা স্যুটে)।
১১ / ১৩
উদ্ধারকারী হেলিকপ্টারে বসে আছেন আর্টেমিস-২ মিশনের কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন।
১২ / ১৩
মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথার ডেকে অবতরণ করা উদ্ধারকারী হেলিকপ্টারের দরজায় বসে সহকর্মীদের সঙ্গে হাস্যরসে মেতেছেন আর্টেমিস-২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান ও কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন।
১৩ / ১৩
অভিযান সফল, তাই বাঁধভাঙা হাসি। মহাসাগর থেকে জাহাজে ওঠার পর হেলিকপ্টারে এভাবেই ক্যামেরাবন্দী হলেন নভোচারী ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ।