‘ইতিহাসের একটি দিন, আশার একটি দিন’

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিয়েছেন জো বাইডেন। একই দিনে বিদায় নিয়েছেন আলোচিত–সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। পুরো বিশ্বের চোখ ছিল ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দিকে। এদিন পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্বের বড় বড় পত্রিকাগুলোয় পরদিন গুরুত্বের সঙ্গে এ ঘটনা পরিবেশন করা হয়েছে। বিবিসি অনলাইনে উঠে এসেছে এমন ১০টি পত্রিকার প্রথম পাতার ছবি। দেখে নেওয়া যাক কয়েকটি পত্রিকার প্রধান শিরোনামগুলো:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
ডেইলি মিরর তাদের প্রথম পাতায় জো বাইডেন ও কমলা হ্যারিসের মুঠোবদ্ধ ছবি ছেপেছে। সঙ্গে ছোট করে ট্রাম্পের বিদায়ের ছবিটিও রেখেছে। শিরোনাম করেছে জো বাইডেনের মন্তব্য দিয়ে, ‘ইতিহাসের একটি দিন, আশার একটি দিন’। মিরর যোগ করেছে ‘ট্রাম্পের চার বছরের ঘৃণার পরে, বাইডেন এবং হ্যারিস যুক্তরাষ্ট্র ও বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ দেখাচ্ছেন।’
২ / ১০
ডেইলি মেইল পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন দম্পতির ছবি প্রকাশ করে শিরোনাম করেছে ‘আমেরিকার নতুন ভোর’। তারা প্রতিবেদনে লিখেছে, বাইডেন ক্যাপিটল ভবন প্রাঙ্গণে তাঁর উদ্বোধনী ভাষণে দেশের ইতিহাসের সবচেয়ে অশান্ত চারটি বছরের অধ্যায়ের সমাপ্তি টেনেছেন।
৩ / ১০
ডেইলি টেলিগ্রাফ জো বাইডেনের বাইবেলে হাত রেখে শপথ নেওয়ার ছবি ছেপেছে। তারা শিরোনাম করেছে ‘অসভ্য লড়াই বন্ধ করুন’। তারা দিনটিকে বাইডেনের জন্য জয়ের দিন হিসেবে উল্লেখ করেছে। দীর্ঘ প্রচেষ্টার পর বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঢুকলেন।
৪ / ১০
শপথের পর জো বাইডেন দম্পতির চুম্বনের ছবি ছেপেছে দ্য টাইমস। শিরোনাম দিয়েছে ‘একতার সময়’। তারা প্রতিবেদনে জো বাইডেনের একসঙ্গে চলার বক্তব্যে প্রাধান্য দিয়েছে।
৫ / ১০
জো বাইডেনের শপথ নেওয়ার ছবি ছেপে ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে জো বাইডেনের বক্তৃতারই একটি অংশ, ‘গণতন্ত্রের জয় হয়েছে’।
৬ / ১০
ফিন্যান্সিয়াল টাইমসের মতো একই শিরোনাম ব্যবহার করেছে দ্য গার্ডিয়ান।
৭ / ১০
ডেইলি এক্সপ্রেস বাইডেনের শপথ নেওয়ার ছবি প্রকাশ করে শিরোনাম করেছে বাইডেনের কথা দিয়েই, ‘চলুন নতুন করে শুরু করি’।
৮ / ১০
জো বাইডেনের শপথের ছবি প্রকাশ করে মেট্রো লিখেছে ‘এবার আবার যুক্তরাষ্ট্রকে মহান করুন’।
৯ / ১০
আই পত্রিকায় জো বাইডেনকে ‘তড়িঘড়ির’ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বাইডেনের বক্তৃতার একটি ছবি ছেপে শিরোনাম দিয়েছে ‘রেডি, স্টেডি, জো!’
১০ / ১০
যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিদ্রূপ করেছে প্রথম পাতায়। ইনক্রেডিবল হাল্কের আদলে তারা ট্রাম্পের ছবি ব্যবহার করেছে।