ছাত্রদলের ‘গুম’ ৩ নেতার দুজন রিমান্ডে

সাইফ মাহমুদ, সিরাজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে গুম করার অভিযোগ করেছে বিএনপি। তবে তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার পুলিশ রিমান্ডে নিয়েছে।

এই তিন নেতা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা মোস্তাফিজুর রহমান। তাঁদের মধ্যে সাইফ ও মোস্তাফিজুরকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাঁদের তুলে নেওয়া হয়। রাতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ জানিয়ে তাঁদের সন্ধান দাবি করে বিবৃতি দিয়েছেন।
মির্জা ফখরুল গুমের ঘটনার জন্য সরকারকে দায়ী করে অবিলম্বে নিখোঁজ তিন নেতাকে জনসম্মুখে হাজির করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

দুই নেতা রিমান্ডে

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তাঁদের দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জালাল উদ্দিন।

১৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫৫ নেতা-কর্মীর নামে মামলা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, হেল্প ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার প্রকাশ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।