দেশে গণতন্ত্র আছে, কেউ বিশ্বাস করবে না: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র আছে তা কেউ বিশ্বাস করবে না। গণতন্ত্র বারবার নিহত এবং আহত হয়েছে আজকে যারা ক্ষমতায় আছে তাদের হাতে। আর গণতন্ত্র বারবার পুনর্জীবন পেয়েছে বিএনপির হাতে। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের পঙ্ক্তিমালা কবিকণ্ঠে কবিতাপাঠ ও আবৃত্তি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যে দেশে নির্বাচন সুষ্ঠু হয় না সে দেশে গণতন্ত্র থাকে না। বাংলাদেশে গণতন্ত্র আছে তা কেউ বিশ্বাস করবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সম্মেলনে ডাকা হয় না, মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের সমালোচনা করা হয়, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশে এত গুম, খুন, নির্যাতন, নিপীড়ন পাকিস্তান আমলেও হয়নি। এই দেশকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার ঐতিহ্য বিএনপির আছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ছোট দুটি শিশু সন্তানসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন খালেদা জিয়া। তিনি প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু তিনি সরকারের প্রতিহিংসার স্বীকার হয়ে অসুস্থ অবস্থায় বন্দী জীবন কাটাচ্ছেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের বর্তমান যে অবস্থা তাতে যেকোনো ভাষাতেই সত্য বলা বিপজ্জনক। তবে সত্য বলে যেতে হবে। খালেদা জিয়া যখন মৃত্যুর মুখে সেসময় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, দেশে যা কিছুই ঘটুক তাতে কোনো জবাবদিহি নেই। দেশে কোনো সুশাসন ও আইনের শাসন নেই। আছে ব্যক্তিগত আক্রোশ, দুর্নীতি ও লুটপাট।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, বিদেশে চিকিৎসার বিষয়ে বর্তমান শর্ত না মেনে পুনরায় জেলে গিয়ে খালেদা জিয়া আবেদন করতে পারেন। তাঁর এ বক্তব্যের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, আইনমন্ত্রীর এ বক্তব্য নিষ্ঠুর রসিকতা। তিনি ফের জেলে গেলে মৃত্যু নিশ্চিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও কবি আবদুল হাই শিকদার।