ফখরুলকে মহাসচিব করায় আনন্দ মিছিল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। এ খবরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওসহ পঞ্চগড় সদর উপজেলা ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর :
ঠাকুরগাঁও: দুপুরের দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে একে অপরকে মিষ্টিমুখ করান। পরে তাঁরা শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সঞ্চালনা করেন। সভায় জেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
মির্জা ফয়সল বলেন, ‘বিএনপির দুঃসময়ে মির্জা আলমগীর যেভাবে দল পরিচালনা করেছেন, তার ফল হিসেবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দেশনেত্রীর এ সিদ্ধান্তে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।’
পঞ্চগড়: মির্জা ফখরুলের বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবর প্রচারিত হওয়ার পর দুপুরে পৌর বিএনপি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) ইউনুস শেখ, ছাত্রদলের রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মাহমুদুর রহমান প্রমুখ। পরে জেলা জাতীয়তাবাদী বাস্তুহারা দলের জ্যেষ্ঠ সহসভাপতি জহির হোসেন সবাইকে মিষ্টিমুখ করান।
বিরামপুর (দিনাজপুর): বিকেল সাড়ে চারটার দিকে চিরিরবন্দর শহরের ঘুগরাতলি মোড় এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জমান মিয়ার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। সেখানে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মহাসচিবকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বিএনপির নেতা ওয়াহেদুল আলম, প্রভাষক মেছবাহুল ইসলাম, মোকাররম হোসেনসহ উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।