বেলা তিনটা পর্যন্ত ভোট পড়েছে ৫২ শতাংশ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বেলা তিনটা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হলেও লাইনে থাকা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে বলে দাবি করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
আজ বুধবার বিকেল সোয়া চারটির দিকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। এখান থেকেই এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনের ভোট গ্রহণ হয়। ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি বুথে ইভিএমে ভোট হয়। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকেলে শাহেদুন্নবী চৌধুরী সাংবাদিকদের বলেন, চারটার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও, যাঁরা ভোটকেন্দ্রগুলোতে লাইনে অপেক্ষমাণ ছিলেন, তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, এই নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, এ জন্য এখন আপাতত এটা বলা সম্ভব নয়। তবে বেলা তিনটা পর্যন্ত বিচার বিশ্লেষণ করে দেখা গেছে, ৫২ শতাংশ ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে প্রিসাইডিং কর্মকর্তা ও ভোটাররা তাঁকে বলেছেন, এই নির্বাচনে ভোটের পরিবেশ ভালো ও সুষ্ঠু ছিল। ভোট দিতে গিয়ে কেউ বাধার মুখে পড়েননি।
কুমিল্লায় সকাল নয়টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। তাতে এক দফা ভোটে বিঘ্ন ঘটে। আর দিনভর বিভিন্ন কেন্দ্রে ইভিএমের কারণে ভোটদানে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাসীন দল এবং বিরোধী প্রার্থীরাও এ নিয়ে কথা বলেছেন।
ভোটদানে ধীরগতির অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোট যখন শুরু হলো, এর পরপরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর ভোট গ্রহণের গতি মোটামুটি ভালো ছিল। সিটি করপোরেশনর নির্বাচনে তিনটি ব্যালটে ভোট দিতে হয়। ভোটাররা অনেক সময় সিদ্ধান্ত নেন বুথের গোপন কক্ষে গিয়ে। সব মিলিয়ে হয়তোবা কিছুটা সময় লেগেছে।