রাষ্ট্রপতির সংলাপ ‘সময়ের অপচয়’: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নির্বাচন কমিশন গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপকে ‘সময়ের অপচয়’ বলে উল্লেখ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সংলাপে তাঁর দল অংশ নেবে না বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এর আগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপের আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। এ ছাড়া বিএনপি আগেই সিদ্ধান্ত নিয়েছে এ সংলাপে অংশ নেবে না।
সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, এ সংলাপ অপ্রয়োজনীয় ও প্রচারসর্বস্ব। রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে যা–ই মনে করুন না কেন, প্রধানমন্ত্রীর মতামত ও পরামর্শের বাইরে সাংবিধানিকভাবে তাঁর কিছুই করার অবকাশ নেই। বিগত দুই নির্বাচন কমিশন এবং তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সার্চ কমিটির অভিজ্ঞতাই এর বড় নজির।
সরকারি দলের পছন্দের বাইরে এবারের নির্বাচন কমিশন গঠিত হওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে সাইফুল হক বলেন, নির্বাচন কমিশনসহ নির্বাচনী ব্যবস্থা ধসে পড়ার সংকটটি রাজনৈতিক। রাষ্ট্রপতির ওপর ভর দিয়ে এ সংকটের সমাধান করা যাবে না। প্রয়োজনীয় আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠনে দ্রুত উদ্যোগ নিতে রাষ্ট্রপতি সরকারকে পরামর্শ দিতে পারেন। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সময় কোনো সমস্যা নয়।