সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ দেশকে এগিয়ে নিচ্ছে: তথ্যমন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা, ২৫ আগস্ট
ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা একনিষ্ঠভাবে কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তা বিনষ্ট হতে পারে না, হয়নি এবং হবেও না। তাই আপনাদের অনুরোধ জানাব যে আজকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা সেখানেই যে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, আমাদের মতো উন্নতি অর্জন করতে চায়। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সার্থকতা সেখানেই যে আজকে সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে। সরকার যে সিদ্ধান্ত-কর্মসূচি ঘোষণা করে, যে উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেয়, সেগুলো বাস্তবায়নে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন। সে কারণেই এই সার্থকতা এসেছে এবং আজকে বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে অনেক দেশের সামনে উদাহরণ।’

তথ্যমন্ত্রী এ সময় দেশের অগ্রগতি প্রসঙ্গে বলেন, ‘আগে ভারতে যখন নির্বাচন হতো, তখন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বক্তব্যে বলার চেষ্টা করতেন যে বাংলাদেশ থেকে গরিব লোকজন আমাদের দেশে চলে আসবে। স্রষ্টার কৃপায় বাংলাদেশের মানুষ এখন ভারতের মানুষের চেয়ে মাথাপিছু আয়ের দিক দিয়ে ওপরে। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার। আর পাকিস্তানে মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৫৪৩ ডলার, ভারতের ২ হাজার ৬৪ ডলার। আর এ উন্নয়নের পেছনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের অবদান অনস্বীকার্য।’