সারা দেশে আজ দুই ঘণ্টার ‘অবস্থান কর্মসূচি’ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
ফাইল ছবি

সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার রাজধানীসহ সব মহানগর ও জেলা সদরে বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এই অবস্থান কর্মসূচি হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।

দলীয় সূত্র জানিয়েছে, সারা দেশের কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। বিএনপির পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি যুগপৎভাবে পালন করবে। এর মধ্যে ১২-দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করবে।

এ ছাড়া সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ লেবার পার্টি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্য পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি করবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বেলা তিনটায় পান্থপথে দলীয় কার্যালয়ের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল চারটায় আরামবাগে অবস্থান কর্মসূচি করবে।

তবে যুগপৎ আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চের দলগুলো আজ ভিন্ন বিষয় নিয়ে আলাদা কর্মসূচি নিয়েছে। গণসংহতি আন্দোলন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সরকারের দমন–পীড়নের প্রতিবাদে সমাবেশ করবে। গণ অধিকার পরিষদ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। গণ অধিকার পরিষদ জানিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাবের হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তারা এই মানববন্ধন করবে।

যুগপৎ আন্দোলনে বিএনপি শরিকদের সঙ্গে আলোচনা না করে একক সিদ্ধান্তে কর্মসূচি দিচ্ছে, এই অভিযোগে গণতন্ত্র মঞ্চ আজ জোটগতভাবে কোনো কর্মসূচি দেয়নি। আগামীকাল রোববার বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর তারা ৩ এপ্রিল বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাবের হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক গণতন্ত্র মঞ্চের একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে জানান, বিএনপি তাদের সঙ্গে আলোচনা না করে কর্মসূচি ঘোষণা করেছে। এ কারণে অনেকের মধ্যে প্রতিক্রিয়া আছে। তাই লিয়াজোঁ কমিটির বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা করবে গণতন্ত্র মঞ্চ।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি নিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ সরকারবিরোধী কয়েকটি দল ও জোট গণমিছিল কর্মসূচি দিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে। এরপর যুগপৎভাবেই গণ–অবস্থান, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করে।