দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মিয়া গোলাম পরওয়ার
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অখণ্ড ও নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত করার চক্রান্ত।’
আজ বুধবার দুপুরে দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিলখানা হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষা আর দীর্ঘায়িত না করার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচিত না হলে স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানা ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারীরা দুঃসাহস পাবে।
পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের বিচারের নামে যেসব নিরপরাধ বিডিআর সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাঁদের মুক্তি ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, পিলখানা বিদ্রোহের হত্যাকাণ্ডকে কেবল একটি হত্যাকাণ্ড বললে ভুল হবে। তৎকালীন প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান নীরব থাকাই প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরা জড়িত। ওই হত্যাকাণ্ডের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে সেনাবাহিনীকে দুর্বল করা এবং সেই সুযোগে বাংলাদেশে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে করদ রাজ্য করা। তারা তাদের পরিকল্পনায় অনেকটা সফলও হয়েছে।
রফিকুল ইসলাম খান বলেন, ‘এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য উদ্ঘাটন হবে।’
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও আব্দুল মান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
সভা শেষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাসহ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামের শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।